ঢাকা | মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬,৯ অগ্রহায়ণ ১৪৩৩

প্রথম ভোটের অপেক্ষায় জকসু

বিশ্ববিদ্যালয় হিসেবে যাত্রার দুই দশক পর প্রথমবার কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের অপেক্ষায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদে (জকসু) প্রতিনিধি নির্বাচনের পাশাপাশি একমাত্র হল নওয়াব ফয়জুন্নেছা চৌধুরানী হল শিক্ষার্থী সংসদের প্রতিনিধি নির্বাচনও করবেন পুরান ঢাকায় অবস্থিত বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীরা।

মঙ্গলবার ২৩ সদস্যের প্রতিনিধি নির্বাচনে ভোট দেবেন সাড়ে ১৬ হাজার শিক্ষার্থী। সকাল সাড়ে ৮টা থেকে বিশ্ববিদ্যালয়ের পাঁচটি ভবনের ৩৯টি কেন্দ্রে ১৭৮টি বুথে ভোটগ্রহণ করা হবে, যা একটানা চলবে বেলা ৩টা পর্যন্ত। ছাত্রদল ও ছাত্রশিবিরসহ সংগঠনগুলো চারটি প্যানেলে ভোট করছে।

কলেজ থেকে ২০০৫ সালে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত হওয়ার পর প্রথমবার জকসুর এই নির্বাচন আয়োজনের সব প্রস্তুতি প্রায় শেষ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

সোমবার রাতে ভোটের প্রস্তুতির বিষয় জানাতে এসে প্রধান নির্বাচন কমিশনার মোস্তফা হাসান সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার কথাও তুলে ধরেন।

তিনি বলেন, একটি সুষ্ঠু নির্বাচন আয়োজনে যত ধরনের নিরাপত্তা প্রয়োজন সব নেওয়া হয়েছে। পুলিশের পাশাপাশি র‍্যাব, বিজিবি ছাড়াও গোয়েন্দা সংস্থার সদস্যরাও পরিস্থিতি সার্বক্ষণিক নজরে রাখছেন।

জাল ভোট প্রসঙ্গে তিনি বলেন, “এ নির্বাচনে কেউ জাল ভোট দিলে ওএমআর মেশিনে ধরা পড়বে। আর প্রত্যেক বিভাগে সংশ্লিষ্ট শিক্ষকরাই ভোট পরিচালনার দায়িত্বে থাকবেন।

“ফলে অন্য কেউ এসে ভোট দেওয়ার সুযোগ নাই।”

ভোটগ্রহণের সময়সীমা বেলা ৩টার মধ্যে কেন্দ্রের চৌহদ্দিতে কেউ থাকলে প্রয়োজনে এ সময়ের পরও তাদের ভোটগ্রহণ করা হবে বলে জানান তিনি।