ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে গার্লফ্রেন্ড নিয়ে ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষে ৯ জন আহত হয়েছেন। এ সময় ঘটনার ভিডিও করায় সাংবাদিকের মোবাইল ও আইডিকার্ড কেড়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে।
রোববার (১২ অক্টোবর) রাত ১০টার দিকে পৌর শহরে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
খোঁজ নিয়ে জানা গেছে, একজন তরুণীকে নিয়ে এ সংঘর্ষের সূত্রপাত। ওই তরুণীকে ছাত্রদলের দুজন নেতা তাদের গার্লফ্রেন্ড দাবি করে আসছিল বেশ কয়েকদিন আগে থেকে। গতকাল রাতে এ নিয়ে উভয়পক্ষের মধ্যেকথাকাটাকাটির একপর্যায়ে সংঘর্ষ হয়। পরে তা গোটা পৌর শহরে ছড়িয়ে পড়ে।
এ বিষয়ে পীরগঞ্জ থানা ও পৌর ছাত্রদলের নেতাদের সাথে ফোনে যোগাযোগ করা হলে তারা কেউই ফোন ধরেননি। তবে পীরগঞ্জ পৌর ছাত্রদলের এক নেতা নাম প্রকাশ না করার শর্তে দৈনিক শিক্ষাডটকমকে জানান, গার্লফ্রেন্ড নিয়ে এ ঘটনার সূত্রপাত।
এদিকে সংঘর্ষ চলাকালে ভিডিও ফুটেজ নেওয়ার সময় বাদল হোসেন নামের এক সাংবাদিকের মোবাইল ফোন ও আইডিকার্ড কেড়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে।
এ বিষয়ে পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল হালিম জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে যাতে পুনরায় কোনো অঘটন না ঘটে।






