ঢাকা | শুক্রবার, ১ মে ২০২৬,১৮ বৈশাখ ১৪৩৩

আদালত চত্ত্বরে ‘জয় বাংলা’ শ্লোগান, আটক ১

বাগেরহাটে মামলার হাজিরা দিয়ে বের হওয়ার সময় আদালতের বারান্দায় আসামি ও আইনজীবীর ‘জয় বাংলা’ শ্লোগান দেয়ার ঘটনা ঘটেছে। এ সময় উপস্থিত জনতা আল আমীন ফকির (৩০) নামে এক আওয়ামী লীগ কর্মীকে আটক করে পুলিশে সোপর্দ করেছে।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে জেলা জজকোর্টের মোরেলগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সামনে এ ঘটনা ঘটে। আটককৃত আল আমীন জেলার মোরেলগঞ্জ উপজেলার হোগলাবুনিয়া ইউনিয়নের ছোট বাদুরা গ্রামের এলেম ফকিরের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ‘জয় বাংলা’ শ্লোগান দেওয়ার সময় বিচারক এজলাশ থেকে নেমে খাস কামরায় চলে যান। পরে আবার বিচার কার্য শুরু করেন।

জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর এ্যাডভোকেট মাহবুব মোর্শেদ লালন জানান, দুপুরে মোরেলগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলায় আওয়ামী লীগের ৪১ নেতাকর্মী হাজিরা দিয়ে বের হয়ে কয়েকজন আইনজীবীদের সঙ্গে নিয়ে আদালতের করিডোরে ‘জয় বাংলা’ শ্লোগান দিতে থাকে। এ সময়ে আদালত চত্বরে থাকা উপস্থিত জনতা আল আমীন ফকির নামে আওয়মী লীগের এক কর্মীকে আটক করে পুলিশে কাছে সোপর্দ করে।

বাগেরহাট সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান জানান, আদালত করিডোরে ‘জয় বাংলা’ শ্লোগান দেয়ার ঘটনায় আওয়ামী লীগের এক কর্মীকে আটক করা হয়েছে। এ ঘটনায় তদন্ত করে জড়িত আইনজীবী ও আওয়াম লীগ কর্মীদের আইনের আওতায় আনা হবে।