ঢাকা | মঙ্গলবার, ২৬ মে ২০২৬,১২ জ্যৈষ্ঠ ১৪৩৩

গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জামায়াতের

১৫ সেপ্টেম্বর ‘আন্তর্জাতিক গণতন্ত্র দিবস’ উপলক্ষে বিবৃতি দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।

বিবৃতিতে তিনি বলেন, আজ ১৫ সেপ্টেম্বর ‘আন্তর্জাতিক গণতন্ত্র দিবস’। গণতন্ত্র হলো সমতা, আইনের শাসন, নাগরিক অধিকার ও মতপ্রকাশের স্বাধীনতার ভিত্তি। গণতন্ত্রহীন অবস্থায় আইনের শাসন, মানবাধিকার ও বাকস্বাধীনতা অনুপস্থিত থাকে। বিগত ১৭ বছরে ফ্যাসিবাদী সরকার গণতন্ত্রকে গলা টিপে হত্যা করেছে। জনগণ ভোটাধিকার, ন্যায়বিচার, সামাজিক সুরক্ষা ও মৌলিক অধিকার থেকে বঞ্চিত হয়েছে। তবে ২০২৪ সালের জুলাইয়ের গণঅভ্যুত্থান দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার এক ঐতিহাসিক সুযোগ এনে দিয়েছে, যা কোনোভাবেই হাতছাড়া করা যাবে না। দল-মতের ঊর্ধ্বে উঠে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।

তিনি আরো বলেন, আন্তর্জাতিক গণতন্ত্র দিবসে জামায়াতে ইসলামী দেশবাসীর নিকট প্রতিশ্রুতি ব্যক্ত করছে যে,গণতন্ত্রকে সুসংহত এবং প্রাতিষ্ঠানিক রূপ দিতে জামায়াত বদ্ধপরিকর। এই লক্ষে জামায়াতে ইসলামী দেশে সমতা, আইনের শাসন, নাগরিক অধিকার ও মতপ্রকাশের স্বাধীনতা প্রতিষ্ঠায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

তিনি আরো বলেন, গণতন্ত্রকে পুনরুদ্ধার করে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে। জাতিকে গুম, খুন ও ক্রসফায়ারের অভিশাপ থেকে মুক্ত করতে হবে। দেশে নতুন ফ্যাসিবাদের জন্ম রোধে অন্তর্বর্তী সরকারের অধীনে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অপরিহার্য।