ঢাকা | বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬,১৪ জ্যৈষ্ঠ ১৪৩৩

ফেনীতে চোর সন্দেহে গণপিটুনিতে একজনের মৃত্যু

ফেনী সদর উপজেলার মোটবী ইউনিয়নের চোর সন্দেহে গণপিটুনিতে মনছুর আহম্মদ (৪০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শনিবার (১৩ সেপ্টেম্বর) দিবাগত রাতে সদর উপজেলার মোটবী ইউনিয়নের লস্করহাট মধ্যম লক্ষীপুর গ্রামের কবিরের বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত মনসুর আহম্মদ নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জের কাজির ঘাটলা গ্রামের সুলতান আহম্মদের ছেলে।

পুলিশ ও স্থানীয় এলাকাবাসী জানায়, গভীর রাতে সদর উপজেলার মোটবী ইউনিয়নের মধ্যম লক্ষ্মীপুর গ্রামের কবিরের সিএনজি গ্যারেজে অজ্ঞাত ব্যক্তিকে দেখতে পেয়ে আটক করা হয়। পরে চোর সন্দেহে স্থানীয় লোকজন তাকে মারধর করে পাশের জমিতে ফেলে দেয়। রোববার (১৪ সেপ্টেম্বর) ভোরে ইউনিয়নের গ্রাম পুলিশ সদস্যরা পুলিশকে খবর দিলে ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করে ফেনী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।

ফেনী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শামসুজ্জামান বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। তার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনার বিস্তারিত খোঁজখবর নেয়া হচ্ছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ দিলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।