আলোচিত ‘ডোনাল্ড ট্রাম্প’ নামের মহিষটিকে জাতীয় চিড়িয়াখানায় রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। কোরবানির ঈদের আগের দিন আজ বুধবার বিকেলে মহিষটি কিনে নেওয়া মনিরুজ্জামানের কেরানীগঞ্জের বাড়ি থেকে মহিষটি নিয়ে গেছে পুলিশ। বিশ্বব্যাপী আলোচিত এই মহিষকে এখন মিরপুরে জাতীয় চিড়িয়াখানায় রাখা হবে বলে প্রধানমন্ত্রীর একজন সহকারী প্রেস সচিব জানিয়েছেন।
মাথায় ঢেউখেলানো গোলাপি রঙের চুলের মহিষটি নিয়ে দেশীয় সংবাদমাধ্যম ছাড়াও ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফ, দ্য ইনডিপেনডেন্ট এবং বার্তা সংস্থা এএফপি, রয়টার্সসহ বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমে প্রতিবেদন ছাপা হয়। মহিষের ভিডিও প্রচার করে বিভিন্ন আন্তর্জাতিক সম্প্রচারমাধ্যম।
অ্যালবিনো জাতের এ মহিষের চুল ও চোখ দেখতে অনেকটা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মতো। মহিষটি নারায়ণগঞ্জ শহরের পাইকপাড়ায় জিয়াউদ্দিন মৃধার রাবেয়া অ্যাগ্রো ফার্মে লালন–পালন করা হচ্ছিল। জিয়া উদ্দিন গণমাধ্যমকে জানিয়েছিলেন, মহিষটির ‘অসাধারণ চুল’ দেখে তাঁর ভাই এর নাম রেখেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের নামানুসারে।
এ বিষয়ে জানতে চাইলে জাতীয় চিড়িয়াখানার কিউরেটর চিকিৎসক মো. আতিকুর রহমান বলেন, মূলত নামের কারণে সাড়া ফেলা এ মহিষটিকে গ্রহণ করার জন্য চিড়িয়াখানায় সব প্রস্তুতি নেওয়া হয়েছে। মূল ফটকে জীবাণুনাশক ছিটানো, বড় একটি শেডে রাখার জন্য ব্যবস্থা করা হয়েছে। মহিষটিকে দুই সপ্তাহ কোয়ারেন্টিনে রাখা হবে। কোনো অসুখ আছে কি না, তা পরীক্ষা করা হবে।





