ঢাকা | রবিবার, ৩১ মে ২০২৬,১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩

যাবজ্জীবন কারাদণ্ডের মেয়াদ কমানোর চিন্তা করছে সরকার: স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, বেশি বয়স্ক বন্দিদের মুক্তির কথা বিবেচনায় রেখে সরকার যাবজ্জীবন কারাদণ্ডের মেয়াদ কমানোর চিন্তাভাবনা করছে।

রোববার দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে ব্রিফিংকালে সাংবাদিকদের তিনি একথা বলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ১৮৬০ সালের পেনাল কোড অনুযায়ী বাংলাদেশে যাবজ্জীবন কারাদণ্ডের মেয়াদ বর্তমানে ৩০ বছর। বয়স বিবেচনায় নারীদের ক্ষেত্রে যাবজ্জীবন কারাদণ্ডের মেয়াদ হতে পারে ২০ বছর। পুরুষদের ক্ষেত্রে যাবজ্জীবন কারাদন্ডের মেয়াদ আরেকটু বেশি হবে। তবে যাবজ্জীবন কারাদণ্ডের এ বিধান নির্ভর করবে সাজার সময়কালে আসামির বয়সের ওপর। তবে এ বিধান এখনো চূড়ান্ত হয়নি এবং এতে কিছু শর্ত যুক্ত থাকবে।

উপদেষ্টা বলেন, কারাতে অনেক সমস্যা আছে। সেখানে সংস্কার দরকার। এটা নিয়ে অনেক আলোচনা সমালোচনা। কারাবন্দিদের নিয়ে আলোচনা হয়েছে। সেখানে অনেক বাজেট স্বল্পতা রয়েছে। কারাবন্দিদের মধ্যে অনেক বয়স্ক রয়েছে। তারা বিভিন্ন রোগে আক্রান্ত। তাদের বিভিন্ন ধরনের ওষুধের প্রয়োজন হয়। কারাগারে যে লাইফটাইম (যাবজ্জীবন সাজা) ৩০ বছর রয়েছে সেটা কমিয়ে কীভাবে বয়স্কদের ছাড়ানো যায় সেটা নিয়ে আলোচনা হয়েছে।

তিনি বলেন, কত বছর যাবজ্জীবন কারাদণ্ড হবে সে বিষয় এখনো নির্ধারণ হয়নি। মেয়েদের ক্ষেত্রে ২০ বছর এবং ছেলেদের ক্ষেত্রে আরেকটু বেশি করার বিষয়ে আলোচনা হয়েছে। এক্ষেত্রে আসামিদের বয়স দেখতে হবে। ধরুন কেউ ১৮ বছর বয়সে অপকর্ম করেছে তাকে যদি ২০ বছর পরে ছেড়ে দেওয়া হয় তাহলে সে বের হয়ে আবার অপকর্মে জড়াতে পারে। এ বিষয়গুলো দেখা হবে।

উপদেষ্টা আরও বলেন, লুট হওয়া অস্ত্র প্রতিদিন উদ্ধার হচ্ছে। পুরস্কার ঘোষণার মধ্য দিয়ে প্রতিদিনই অস্ত্র উদ্ধার হচ্ছে। দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো আছে। দুই বিশ্ববিদ্যালয়ের আইনশৃঙ্খলা বাহিনীর বিষয়ে কারো কোন অভিযোগ ছিল না। জাতীয় নির্বাচনেও আমাদের পর্যাপ্ত প্রস্তুতি রয়েছে।