ঢাকা | সোমবার, ২০ এপ্রিল ২০২৬,৭ বৈশাখ ১৪৩৩

চালু হলো নেপালের ত্রিভুবন বিমানবন্দর: অচল ছিল ২৪ ঘণ্টা

প্রায় ২৪ ঘণ্টা বন্ধ থাকার পর আবারও চালু হয়েছে নেপালের রাজধানী কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর। বুধবার (১০ সেপ্টেম্বর) বিমানবন্দরের মুখপাত্র রিনজি শেরপা বিবিসিকে বিষয়টি নিশ্চিত করেছেন।

সরকারের সামাজিক যোগাযোগমাধ্যমের ওপর নিষেধাজ্ঞা আরোপ ও ব্যাপক দুর্নীতি নিয়ন্ত্রণে ব্যর্থতার প্রতিবাদে দেশজুড়ে বিক্ষোভ শুরু হয়। তরুণ প্রজন্মের অংশগ্রহণে শুরু হওয়া এই আন্দোলন দ্রুত সহিংস রূপ নেয়। এ সময় দেশব্যাপী অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটে।

জনবিক্ষোভের মুখে নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা অলি মঙ্গলবার পদত্যাগ করেন। তবে প্রধানমন্ত্রীর পদত্যাগ সত্ত্বেও পরিস্থিতি শান্ত হয়নি। বিভিন্ন এলাকায় লাগাতার বিক্ষোভ ও অগ্নিসংযোগ নিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়ালে ত্রিভুবন বিমানবন্দরের অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রুটে সব ধরনের ফ্লাইট চলাচল বন্ধ করে দেয়া হয়।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, মঙ্গলবার থেকে স্থগিত থাকা অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইটগুলো আজ থেকে আবার চালু হচ্ছে। তবে এ বিষয়ে আর বিস্তারিত কিছু জানানো হয়নি।