ঢাকা | শনিবার, ২৫ এপ্রিল ২০২৬,১২ বৈশাখ ১৪৩৩

উখিয়ায় চাকরিচ্যুত শিক্ষকদের বিক্ষোভে পুলিশের লাঠিচার্জ

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পের প্রবেশমুখে সড়ক অবরোধ করে চাকরিচ্যুত শিক্ষকদের বিক্ষোভ কর্মসূচিতে পুলিশের লাঠিচার্জে নারীসহ তিনজন আহত হয়েছেন।

বুধবার সকালে উপজেলা সদর, কোটবাজার, কুতুপালং ও হাসপাতাল গেইট এলাকা থেকে তাদের হেফাজতে নেয় পুলিশ।

বিক্ষোভকারীরা অভিযোগ করেন, বিভিন্ন এনজিও থেকে চাকরিচ্যুত শিক্ষকরা পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী শান্তিপূর্ণভাবে সড়কের একপাশে অবস্থান কর্মসূচি পালন করছিলেন। এসময় রাস্তায় যানজট সৃষ্টি হলে এনজিও কর্মীদের গাড়ি আটকে পড়ে। খবর পেয়ে পুলিশ এসে লাঠিচার্জ করে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে দেয়।

আহতদের হাসপাতালে নেওয়া হলে সেখানে দেখতে গেলে ছাত্র প্রতিনিধি জিনিয়া শারমিনসহ অন্তত ২০ জনকে সেখান থেকেও আটক করা হয় বলে জানান আন্দোলনকারীরা।

এক নারী আন্দোলনকারী বলেন, যাদের হেফাজতে নেওয়া হয়েছে অবিলম্বে তাদের মুক্তি দিতে হবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব।

প্রসঙ্গত, ইউনিসেফের অর্থায়নে পরিচালিত রোহিঙ্গা ক্যাম্পে নিয়োজিত প্রায় ১,২৫০ জন শিক্ষক চাকরিচ্যুত হওয়ার পর গত তিন মাস ধরে পুনর্বহালের দাবিতে আন্দোলন করে আসছেন।