চট্টগ্রামের পটিয়া আসনের সংসদ সদস্য এনামুল হক এনাম বলেছেন, বিএনপির নাম ভাঙিয়ে কেউ চাঁদাবাজি, মাদক ব্যবসা কিংবা সন্ত্রাসী কর্মকাণ্ড করলে তাকে পুলিশের হাতে তুলে দিন। তিনি বলেন, “প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষণা দিয়েছেন— কোনো চাঁদাবাজি ও সন্ত্রাস চলবে না। কোনো অন্যায়কারীকে প্রশ্রয় দেওয়া হবে না।”
আজ (মঙ্গলবার) দুপুরে পটিয়া উপজেলার হাইদগাঁও রাজঘাটা সেতু এলাকায় পানি উন্নয়ন বোর্ডের উদ্যোগে স্থাপিত হাইড্রোলিক এলিভেটর ড্যামের নির্মাণকাজের উদ্বোধন উপলক্ষ্যে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এনামুল হক এনাম বলেন, এলাকার উন্নয়নকাজে কেউ বাধা দিলে তাকে কঠোরভাবে দমন করা হবে। তবে উন্নয়নকাজে কোনো ধরনের অনিয়ম বরদাশত করা হবে না। তিনি দাবি করেন, বিএনপি সরকার ক্ষমতায় আসার পর থেকেই ধারাবাহিক উন্নয়নকাজ শুরু হয়েছে।
তিনি আরও বলেন, “হাইড্রোলিক এলিভেটর ড্যাম স্থাপিত হলে হাইদগাঁওসহ আশপাশের এলাকার চিত্র পাল্টে যাবে। কৃষকরা উপকৃত হবেন, পর্যটন স্পট গড়ে উঠবে এবং নতুন কর্মসংস্থানের সৃষ্টি হবে। এ ছাড়া অতিবৃষ্টি বা বৃষ্টির পানিতে নিচু এলাকার মানুষকে দুর্ভোগে পড়তে হবে না।”
এমপি এনাম বলেন, দলীয় কোনো ব্যক্তি সালিশ-বিচারে অংশ নিতে পারবেন না। এমপির পরিচয়ে কেউ এলাকায় অনিয়ম করার চেষ্টা করলে তাকে ধরে পুলিশের হাতে তুলে দেওয়ার আহ্বান জানান তিনি। একই সঙ্গে এলাকার যেকোনো সমস্যা হলে সরাসরি তার সঙ্গে যোগাযোগ করার অনুরোধ করেন।
হাইদগাঁও ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আজমল হোসেন জামালের সভাপতিত্বে এবং যুবদল নেতা কাজী আরিফের সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানুর রহমান, পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জিয়াউল হক, পানি উন্নয়ন বোর্ড পটিয়ার উপ-বিভাগীয় প্রকৌশলী প্রশান্ত তালুকদার ও সহকারী প্রকৌশলী মাহবুব হোসেন।
উল্লেখ্য, ১৩৩ কোটি টাকা ব্যয়ে শ্রীমাই খালের ওপর হাইড্রোলিক এলিভেটর ড্যাম, ব্লক স্থাপন, বাঁধ নির্মাণসহ পাঁচটি প্যাকেজের কাজ শুরু হয়েছে। প্রকল্পের কাজ ২০২৭ সাল পর্যন্ত চলবে বলে জানা গেছে।





