চট্টগ্রামের সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া সমুদ্রসৈকতে পানির স্রোতে তলিয়ে গিয়ে মো. মেহেরাজ (১৯) নামের এক এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে।
শুক্রবার (১ মে) বিকেল সাড়ে পাঁচটার দিকে পানিতে তলিয়ে যান তিনি। পরে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত মেহেরাজ চট্টগ্রাম নগরের ডবলমুরিং থানার পূর্ব মাদারবাড়ী এলাকার মোশাররফ হোসেনের ছেলে। নগরের এমইএস কলেজ থেকে এবার এইচএসসি পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিল তার।
পুলিশ জানায়, মেহেরাজ তার এক সহপাঠীর সঙ্গে চট্টগ্রাম নগর থেকে বাঁশবাড়িয়া সৈকতে বেড়াতে যান। বিকেলে তিনি অন্য পর্যটকদের সঙ্গে সাগরে গোসল করতে নামেন। এরপর হঠাৎ পানির স্রোতে তিনি তলিয়ে যান। তার সহপাঠীসহ অন্য পর্যটকেরা তাকে অনেকক্ষণ খোঁজাখুঁজি করেও পাননি। পরে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে মেহেরাজের লাশ ভেসে উঠলে তাকে উদ্ধার করে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
সীতাকুণ্ড থানার উপপরিদর্শক মো. রাসেল বলেন, মেহেরাজ মা–বাবার একমাত্র ছেলে ছিল। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই তার লাশ দাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।




