ঢাকা | রবিবার, ২৬ এপ্রিল ২০২৬,১৩ বৈশাখ ১৪৩৩

যুক্তরাষ্ট্রে হত্যার শিকার লিমনের গ্রামের বাড়িতে মাতম

যুক্তরাষ্ট্রে হত্যাকাণ্ডের শিকার ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের গ্রামের বাড়িতে চলছে শোকের মাতম।

লিমনের গ্রামের বাড়ি জামালপুরের মাদারগঞ্জ উপজেলার কড়ইচড়া ইউনিয়নের লালডোবা গ্রামে। তবে অনেক বছর আগে থেকেই লিমনের বাবা জহরুল ইসলাম গাজীপুরের মাওনা এলাকায় স্থায়ীভাবে বসবাস করছেন। সেখানেই বেড়ে উঠা ও পড়াশুনা লিমনের। গ্রামের বাড়িতে তার চাচা-চাচিসহ অন্যান্য আত্মীয়-স্বজন বসবাস করেন।

গত সপ্তাহ থেকে নিখোঁজ ছিলেন বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থীর জামিল আহমেদে লিমন (২৭)।

শুক্রবার (২৪ এপ্রিল) ফ্লোরিডার হাওয়ার্ড ফ্রাঙ্কল্যান্ড ব্রিজ থেকে তার মরদেহটি উদ্ধার করে যুক্তরাষ্ট্র পুলিশ। ঘটনাটি গণমাধ্যমে প্রকাশের পর থেকেই লিমনের গ্রামের বাড়িতে নেমে এসেছে শোকের ছায়া।

লিমনের চাচা মাহবুবুর রহমান বলেন, আমরা চার ভাই। লিমনের বাবা জহুরুল হক ১৯৯৪ খ্রিষ্টাব্দে পরিবার নিয়ে ঢাকায় চলে যান। এরপর থেকে তারা ঢাকাতেই থাকেন। মাঝে মাঝে তারা গ্রামের বাড়ি আসতেন। নিখোঁজের খবরের পর হঠাৎ শুক্রবার রাতে খবর পেলাম আমার ভাতিজা লিমন মারা গেছে। আমরা চাই লিমনের লাশটি যেন দ্রুত দেশে ফেরত পাঠানো হয়৷ আর হত্যাকারীর যেন দ্রুত বিচার হয়। একই দাবি জানান লিমনের ফুপু আকলিমা আক্তার।

লিমনের প্রতিবেশী আলমগীর হোসেন হৃদয় বলেন, আমাদের গ্রামের একজন মেধাবী শিক্ষার্থী যুক্তরাষ্ট্রে খুন হয়েছেন এটা মেনে নিতে পারছি না। খবরটি শোনার পর থেকেই আমরা প্রথমে বিশ্বাস করতে পারিনি। এমন খবরে গ্রামবাসী শোকাহত।

জানা গেছে লিমন, ২০১৪ খ্রিষ্টাব্দে গাজীপুরের মাওনা মডেল হাইস্কুল থেকে এসএসসি ও ২০১৬ খ্রিষ্টাব্দে বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজ থেকে এইচএসসি সম্পন্ন করেন। এরপর খুলনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে অনার্স শেষ করেন। ২০২৪ খ্রিষ্টাব্দে জুলাই মাসের দিকে পিএইচডি করার জন্য যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডায় ভর্তি হন।

মাদারগঞ্জ উপজেলা নির্বাহী (ইউএনও) সুমন চৌধুরী বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যম ও বিভিন্ন গণমাধ্যমের কল্যাণে জানতে পেরেছি জামিল আহমেদ লিমন নামে মাদারগঞ্জ উপজেলার একজন সন্তান যুক্তরাষ্ট্রে পিএইচডি করতে গিয়ে খুন হয়েছেন। এতে লাশ আনার ক্ষেত্রে সহযোগিতা করবে দূতাবাস।