ঢাকা | বুধবার, ২৫ নভেম্বর ২০২৬,১০ অগ্রহায়ণ ১৪৩৩

শহিদ মিনারে শেষ শ্রদ্ধায় সিক্ত ভাষাসংগ্রামী আহমদ রফিক

ভাষাসংগ্রামী, কবি, প্রাবন্ধিক ও রবীন্দ্রবিশেষজ্ঞ আহমদ রফিকের মরদেহ শেষ শ্রদ্ধা জানাচ্ছেন সর্বস্তরের মানুষ। শনিবার (৪ অক্টোবর) সকাল ১১টার দিকে কেন্দ্রীয় শহিদ মিনারে মরদেহ নেয়ার পর বিভিন্ন শ্রেণিপেশার মানুষ তাকে শেষ শ্রদ্ধা জানান।

আহমদ রফিকের নামে গড়া ‘আহমদ রফিক ফাউন্ডেশন’ জানিয়েছে, সেখানে শ্রদ্ধা নিবেদনের পর তার শেষ ইচ্ছা অনুযায়ী মরদেহ বারডেম হাসপাতালে দান করা হবে। কফিন শোকযাত্রার মাধ্যমে নেয়া হবে ইব্রাহিম মেডিকেল কলেজ হাসপাতালে। মেডিকেল শিক্ষার্থীদের প্রশিক্ষণ ও গবেষণার জন্য আহমদ রফিক তার মরণোত্তর দেহ দান করে গেছেন।

গত বৃহস্পতিবার রাতে রাজধানীর বারডেম হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ইন্তেকাল করেন আহমদ রফিক। তার বয়স হয়েছিল ৯৬ বছর।

ভাষা আন্দোলনের অন্যতম প্রাবন্ধিক ইতিহাসবিদ এই লেখক শতাধিক গ্রন্থ রচনা ও সম্পাদনা করেছেন। পেয়েছেন একুশে পদক, বাংলা একাডেমি পুরস্কারসহ বহু সম্মাননা। দুই বাংলার রবীন্দ্রচর্চায় তার অবদান অনন্য; কলকাতার টেগর রিসার্চ ইনস্টিটিউট থেকে তাকে দেয়া হয় ‘রবীন্দ্রতত্ত্বাচার্য’ উপাধি।