এইচএসসি ও সমমান পরীক্ষায় উত্তরপত্র পুনর্মূল্যায়নের পরও এক বা দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীরা সম্পূরক পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পাচ্ছেন। একই সঙ্গে আগে নির্ধারিত সময়ে ফর্ম পূরণ করতে না পারা এক বা দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীরাও নতুন করে আবেদন করতে পারবেন।
এ জন্য সম্পূরক পরীক্ষার ফর্ম পূরণের সময় দুইদিন বাড়ানো হয়েছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক জেসমিন তাসলিমা বানু স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তি অনুযায়ী, ২০২৬ সালের এইচএসসি সম্পূরক পরীক্ষার ফর্ম পূরণ করা যাবে আগামী ২৫ ও ২৬ নভেম্বর। ‘সোনালী সেবা’র মাধ্যমে পরীক্ষার ফি জমা দেওয়ার শেষ সময়ও নির্ধারণ করা হয়েছে ২৬ নভেম্বর। নির্ধারিত সময়ের মধ্যে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে শিক্ষার্থীদের ফর্ম পূরণের কাজ শেষ করতে হবে।
এ সুযোগ পাবেন ২৩ নভেম্বর প্রকাশিত উত্তরপত্র পুনর্নিরীক্ষণ ও পুনর্মূল্যায়নের ফলাফলের পরও যেসব শিক্ষার্থী এক বা দুই বিষয়ে অকৃতকার্য রয়েছেন, তাঁরা। পাশাপাশি আগে ফর্ম পূরণ করতে না পারা এক বা দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীরাও আবেদন করতে পারবেন।
বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি ও আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির সিদ্ধান্তে আবেদনের সময় বাড়ানো হয়েছে। ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক জেসমিন তাসলিমা বানু জানান, পুনর্মূল্যায়নের পরও এক বা দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের সম্পূরক পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ দিতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগে যারা বিভিন্ন কারণে নির্ধারিত সময়ে আবেদন করতে পারেননি, তারাও নতুন সময়ে ফর্ম পূরণ করতে পারবেন।
আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আখতারুজ্জামান জানান, আগে তিন বিষয়ে অকৃতকার্য কোনো শিক্ষার্থীর পুনর্মূল্যায়নের পর দুই বিষয়ে ফল পরিবর্তন হয়ে পাস এসেছে, কিন্তু এক বিষয়ে ফেল রয়েছে এমন শিক্ষার্থীরাও সম্পূরক পরীক্ষায় অংশ নিতে পারবেন। একটি বিষয়ের জন্য যেন তাদের পুরো ফল আটকে না থাকে, সে বিবেচনায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
উল্লেখ্য, এবারই প্রথম এইচএসসি ও সমমান পরীক্ষায় এক বা দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের জন্য সম্পূরক পরীক্ষা নেওয়া হচ্ছে। আগামী ১ থেকে ১৫ ডিসেম্বরের মধ্যে এ পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ইতোমধ্যে পরীক্ষার সময়সূচিও প্রকাশ করা হয়েছে।
এর আগে ২৩ নভেম্বর প্রকাশিত উত্তরপত্র পুনর্মূল্যায়নের ফলে মোট ২৩ হাজার ১৪৫ জন শিক্ষার্থীর ফল পরিবর্তন হয়েছে। ২ লাখ ৯১ হাজার ২১১ জন শিক্ষার্থী ১০ লাখ ৮৭ হাজার ৪১৬টি উত্তরপত্র পুনর্মূল্যায়নের আবেদন করেছিলেন। পুনর্মূল্যায়নে নতুন করে জিপিএ-৫ পেয়েছেন ১ হাজার ৬২০ জন এবং ফেল থেকে পাস করেছেন ৫ হাজার ৫৪৮ জন।





