চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে ‘সার্বজনীন ছাত্র ঐক্য পরিষদ’ নামে একটি আংশিক প্যানেল ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে চাকসু ভবনের সামনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়।
ঘোষিত প্যানেলে সহ-সভাপতি (ভিপি) পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন প্রাণীবিদ্যা বিভাগের শিক্ষার্থী সাইদ রেদোয়ান, সাধারণ সম্পাদক (জিএস) পদে ইতিহাস বিভাগের শিক্ষার্থী আরাফাত এবং যুগ্ম সাধারণ সম্পাদক (এজিএস) পদে একই বিভাগের শিক্ষার্থী আব্দুল্লাহ আল মামুন।
১৩ সদস্যের আংশিক প্যানেলের অন্য প্রার্থীরা হলেন— সাহিত্য, সংস্কৃতি ও প্রকাশনা সম্পাদক পদে রবিউল হাসান, দপ্তর সম্পাদক পদে শাখাওয়াত হোসেন, সহ-দপ্তর সম্পাদক পদে তাসনীম ফাত্তাহ কিবরিযা, ছাত্রী কল্যাণ সম্পাদক পদে মুসররত কবির পৃথা, সমাজসেবা ও পরিবেশ সম্পাদক পদে রফিকুল ইসলাম, ক্যারিয়ার ডেভেলপমেন্ট ও আন্তর্জাতিক সম্পাদক পদে এএম তৌহিদুল হক, আইন ও মানবাধিকার সম্পাদক পদে মশিউর রহমান দূর্জয় এবং নির্বাহী সদস্য পদে রায়হান মিয়া।
সংবাদ সম্মেলনে এজিএস প্রার্থী আব্দুল্লাহ আল মামুন বলেন, শাখা ছাত্রদলের সক্রিয় কর্মী হলেও দলীয় প্যানেলে মনোনয়ন পাননি তিনি। পরে সমমনাদের নিয়ে আংশিক প্যানেল গঠন করেছেন। তিনি আরও জানান, প্যানেল ঘোষণার পর থেকে তিনি দলীয় কার্যক্রম থেকে অব্যাহতি নিয়েছেন।
তার দাবি, এ প্যানেলে ভিপি, দপ্তর সম্পাদক, আইন ও মানবাধিকার সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করা প্রার্থীরাও ছাত্রদলের কর্মী ছিলেন। তারা সবাই দলীয় প্যানেলের জন্য সাক্ষাৎকার দিলেও কাউকে মনোনীত করা হয়নি।





