এস আলম গ্রুপের মালিক মোহাম্মদ সাইফুল আলম ও তার তিন ভাইয়ের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারির নির্দেশ দিয়েছেন ঢাকা মহানগর দায়রা জজ আদালত। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দুদকের আবেদনের প্রেক্ষিতে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক সাব্বির ফয়েজ এ আদেশ দেন।
উল্লেখ্য, চট্টগ্রামভিত্তিক ব্যবসায়ী গোষ্ঠী এস আলম গ্রুপের কর্ণধার সাইফুল আলম সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। ২০১৭ সালে ইসলামী ব্যাংক দখলের পর গ্রুপটি সোশ্যাল ইসলামী ব্যাংক ও ন্যাশনাল ব্যাংক দখল করে নেয়। তবে সব মিলিয়ে তারা একসঙ্গে ৮টি ব্যাংকের নিয়ন্ত্রণ নেয়।
সাইফুল আলমের তিন ভাই হলেন- রাশেদুল আলম, মারুফ আলম এবং মাজেদুল আলম। তাদের বিরুদ্ধে বিদেশ থেকে অর্থ পাচার ও বিদেশে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে।
এস আলম সুপার এডিবল অয়েল এস আলম গ্রুপের একটি সহযোগী প্রতিষ্ঠান। যেটি অপরিশোধিত ভোজ্যতেল আমদানি শেষে পরিশোধন ও বাজারজাত করতো। প্রতিষ্ঠানটি অপরিশোধিত ভোজ্যতেল আমদানির জন্য ২০০৬ সাল থেকে ইসলামী ব্যাংক খাতুনগঞ্জ থেকে ঋণ সুবিধা গ্রহণ করে। প্রতিষ্ঠানটির কাছে ব্যাংকের পাওনা দাঁড়িয়েছে ১৩ হাজার ৩১৭ কোটি ৩৪ লাখ ৩০ হাজার ৮১৩ টাকা। এর বিপরীতে ব্যাংকের কাছে গ্রুপটির কারখানা, মেশিনারিসহ দেশের বিভিন্ন স্থানের মোট ৭২৬ শতক সম্পত্তি সহায়ক জামানত হিসেবে রয়েছে। যার সর্বোচ্চ মূল্য ২০০ কোটি টাকা।






