রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ক্লাস-পরীক্ষা বন্ধ থাকায় কিছু শিক্ষার্থী বাড়িতে চলে যাচ্ছেন বলে অভিযোগ করেছে শাখা ছাত্রদলসহ রাকসু নির্বাচনে অংশগ্রহণকারী ৫টি প্যানেল ও স্বতন্ত্র পদপ্রার্থীদের একাংশ। এতে ভোটার উপস্থিতি কমে যাওয়ার অভিযোগ করে তারা নির্বাচন পেছানোর দাবি তুলেছেন। তবে, এই দাবিকে হেরে যাওয়ার ভয় থেকে নির্বাচন পেছানোর অপরাজনীতি বলে দাবি করেছে শাখা ছাত্রশিবির।
সোমবার (২২ সেপ্টেম্বর) বিকেলে রাকসু কোষাধ্যক্ষ কার্যালয়ের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ছাত্রশিবির সমর্থিত প্যানেল ‘সম্মিলিত শিক্ষার্থী জোট’ এর ভিপি পদপ্রার্থী ও শাখা ছাত্রশিবিরের সভাপতি মোস্তাকুর রহমান জাহিদ এই দাবি করেন।
মোস্তাকুর রহমান জাহিদ বলেন, ‘আমাদের একেবারে বোল্ড স্টেটমেন্ট, ২৫ তারিখের নির্বাচন ২৫ তারিখেই হতে হবে। নির্বাচন পেছানোর অপরাজনীতি যারা করছে তারা শিক্ষার্থীদের সাথে আসলে বেঈমানি করছে।’
সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি আরও দাবি করেন, নির্বাচনে হেরে যাওয়ার ভয় কিংবা ভালো ফলাফল না পাওয়ার আশঙ্কা থেকেই প্রতিপক্ষ এমন দাবি তুলছে বলে শিক্ষার্থীদের ধারণা।
কর্মবিরতির কারণে শিক্ষার্থীদের উপস্থিতি কমে যাওয়ার শঙ্কা উড়িয়ে দিয়ে তিনি বলেন, বেশিরভাগ শিক্ষার্থীই ক্যাম্পাসে আছে কিন্ত দুই-একজন যারা চলে যেতে চাচ্ছে তারা একারণেই চলে যেতে চাচ্ছে যে, আগামী ২৫ তারিখ নির্বাচন হবে কি না, সেটার ব্যাপারে তারা সন্দিহান। এখন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবং নির্বাচন কমিশনের সিদ্ধান্তের দিকেই নজর শিক্ষার্থীদের।
এর আগে, রাকসু প্রধান নির্বাচন কমিশনারের সাথে দেখা করে বেশ কিছু দাবি জানায় তারা। দাবিগুলো হলো- রাকসু নির্বাচন যথাসময়ে আয়োজন করতে হবে। বিভিন্ন পক্ষ নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে ও বানচালের চেষ্টা করতে পারে, এখানে নির্বাচন কমিশনকে শক্তিশালী ভূমিকা রাখতে হবে। পোষ্যকোটা নিয়ে ক্যাম্পাসে যে বিশৃঙ্খলা তৈরি হয়েছিলো সিন্ডিকেট মিটিংয়ে তার সুষ্ঠু সমাধানের জন্য কিছু সিদ্ধান্ত দিয়েছেন। তার মধ্যে জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম হঠাৎ করেই শার্টডাউন দিয়েছেন, তাদের সাথে তালমিলিয় নির্বাচন বানচালের পায়তারা চলে যা কোন ভাবেই কাম্য নয়। তাদের দলীয় এজেন্ডা সকল শিক্ষক ও স্টেকদের নামে চালিয়ে দেয়া কোনভাবেই কাম্য নয়। নির্বাচন কমিশনকে এই প্রভাবের বাহিরে থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
এছাড়া ইতোপূর্বেও নির্বাচন কমিশন বিভিন্ন কারণে একাধিকবার নির্বাচনের তারিখ পিছিয়েছেন। আবার নির্বাচনের তারিখ না পিছিয়ে বরং সকল পক্ষের সঙ্গে কথা বলে যথাসময়ে নির্বাচন আয়োজন করার বিষয়ে আন্তরিকতার পরিচয় দিতে হবে এবং যথাসময়ে নির্বাচন হতে হবে। বহিরাগত প্রবেশ নিষিদ্ধ রাখতে হবে, ভোট গণনা সুষ্ঠুভাবে হতে হবে,ভোটের দিনই ফলাফল ঘোষণা করতে হবে।





