ঢাকা | মঙ্গলবার, ২৬ মে ২০২৬,১২ জ্যৈষ্ঠ ১৪৩৩

ইসরায়েলের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আহ্বান আরব লীগের

আরব লীগের মহাসচিব আহমেদ আবুল গেইত সাফ জানিয়ে দিয়েছেন, কাতারের দোহায় আরব-ইসলামিক সমাবেশটি আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে একটি সুস্পষ্ট বার্তা পাঠিয়েছে, ইসরায়েলের বিরুদ্ধে রুখে দাঁড়ানো এখন সময়ের দাবি। গেইত তার বক্তৃতায় বলেন, ‘এটি সেই বার্তা, যা জানাচ্ছে, এই দুর্বৃত্ত রাষ্ট্রের তান্ডবের বিরুদ্ধে আর নীরব থাকা যাবে না। এই রাষ্ট্র যা ধ্বংস, হত্যাকাণ্ড এবং অঞ্চলজুড়ে অনাহারের সৃষ্টি করছে, তার বিরুদ্ধে বিশ্ব নীরব থাকলে তা অপরাধের সমান।’ খবর আল জাজিরার।

তিনি আরও বলেন, ‘আইন লঙ্ঘনের পর নীরবতা আরেক ধরনের অপরাধ। আন্তর্জাতিক আইন লঙ্ঘনের নীরবতা আন্তর্জাতিক ব্যবস্থাকে দুর্বল করে দেয়।’

গেইত জানান, এই ধরনের নীরবতা ইসরায়েলি সেনাদের এমন ধারণা দিয়েছে যে, ‘প্রতিটি কাজ সম্ভব এবং কোনো অপরাধই শাস্তিযোগ্য নয়।’ আর এর ফলে, তারা এক দেশ থেকে অন্য দেশে ধ্বংসযজ্ঞ চালিয়ে যাচ্ছি। গোটা মধ্যপ্রাচ্যে বর্বরতা চালিয়ে যাচ্ছে, যা দেখে মনে হচ্ছে পুরো পৃথিবী অন্ধকার ও বর্বরতার যুগে ফিরে গেছে।