ঢাকা | শনিবার, ২ মে ২০২৬,১৯ বৈশাখ ১৪৩৩

‘ঝামেলার’ আশঙ্কায় হল ছেড়েছেন অনেক শিক্ষার্থী

জাকসু ও হল সংসদ নির্বাচনে ‎সুষ্ঠুভাবে হলের ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। ছাত্রদল নির্বাচন বর্জন করায় ঝামেলা হতে পারে আশঙ্কা করে অনেক শিক্ষার্থী বাড়ি চলে গেছে।

এর আগে অনিয়মের অভিযোগে তুলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছে ছাত্রদল-সমর্থিত প্যানেল।

দিনভর বড় ধরনের কোনো ঝামেলা হয়নি। বৃহস্পতিবার ভোট হওয়ায় ভোটার উপস্থিতি কিছুটা কম হয়েছে।

‎ফজিলতুন্নেসা হলে কেন্দ্রটির রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক ড. আবেদা সুলতানা বলেন, সুষ্ঠুভাবে ভোট গ্রহণ হয়েছে। কোনো ঝামেলা হয়নি। স্বতঃস্ফূর্তভাবে মেয়েরা ভোট দিতে এসেছে। হলে ভোট কেন্দ্র হলেও অনেক মেয়েরা বাড়ি চলে গেছে, কেউ কেউ বাইরেও থাকে, তাই উপস্থিতি কিছুটা কম।

এদিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর অবস্থানে রয়েছে। দীর্ঘ ৩৩ বছর পর অনুষ্ঠিত এ নির্বাচন ঘিরে ক্যাম্পাসে নেওয়া হয় সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা।