ঢাকা | শনিবার, ২ মে ২০২৬,১৯ বৈশাখ ১৪৩৩

ছাত্রলীগের ক্যাডাররা ক্যাম্পাসে ঢুকে হামলা চালিয়েছে : চবি উপ-উপাচার্য

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) চলমান সংঘর্ষের ঘটনায় উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মো. কামাল উদ্দিন কান্নাজড়িত কণ্ঠে বলেছেন, ছাত্রলীগ আমাদের শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়েছে। আজ রোববার (৩১ আগস্টে) এ হামলায় তিনি নিজেও ইটের আঘাতে আহত হন।

শিক্ষার্থীদের উদ্ধার করতে গিয়ে আহত কামাল উদ্দিন সাংবাদিকদের বলেন, ‘ছাত্রলীগের সকল ক্যাডাররা, বড় বড় ক্যাডাররা এখানে ঢুকে হামলা চালিয়েছে। তারা আমাদের শিক্ষকদের মারছে, ছাত্রদেরকে মারছে।’

উপ-উপাচার্য আরও বলেন, চট্টগ্রাম হাসপাতালে আমরা তিনটা গাড়ি পাঠিয়েছি। আমাদের চার-পাঁচশ ছাত্র আহত হয়েছে। আমরা কোন জগতে আছি?

এক শিক্ষার্থী বলেন, আমাদের এক ভাইকে ধানের ক্ষেতের মধ্যে ফেলে চাপাতি দিয়ে কোপানো হয়েছে, যার ভিডিও ইতোমধ্যে ভাইরাল হয়েছে।

আহত আরেক শিক্ষার্থী বলেন, আমার হাত, পাসহ পুরো শরীরে আঘাত করা হয়েছে।

উল্লেখ্য, গতকাল ৩০ আগস্ট রাত সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের ২ নম্বর গেট এলাকায় এক ছাত্রীকে হেনস্তার জেরে শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষ শুরু হয়। সেই ঘটনার জেরেই রোববার আবার সংঘর্ষ বাধে।