আসন্ন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সহ-সভাপতি (ভিপি) পদপ্রার্থী আবিদুল ইসলাম খানের বিরুদ্ধে আবাসিক হলের রিডিং রুমে প্রবেশ করে নির্বাচনী প্রচারণা চালানোর অভিযোগ উঠেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, তিনি হলের রিডিং রুমে শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময় করছেন। তবে ডাকসু ও হল সংসদ নির্বাচনী আচরণবিধি অনুযায়ী, হলের রিডিং রুমে কোনো নির্বাচনী প্রচারণা করা সম্পূর্ণ নিষিদ্ধ।
আজ রবিবার (২৪ আগস্ট) দুপুরের পর বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে সমালোচনার সৃষ্টি হয়। আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ব্যবস্থা গ্রহণের জন্য ওই দিনই (২৪ আগস্ট) প্রধান রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত আবেদন জানিয়েছেন কবি জসিম উদ্দীন হলের শিক্ষার্থী শাহ জামাল।
তিনি দাবি করেন, আবিদুল ইসলাম খান রিডিং রুমে প্রবেশ করে শিক্ষার্থীদের সঙ্গে পরিচয়, কুশল বিনিময় ও দোয়া প্রার্থনার মাধ্যমে নির্বাচনী প্রচারণা চালিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, গত ২৩ আগস্ট দুপুর দেড়টা থেকে দুইটার মধ্যে তিনি অমর একুশে হলের রিডিং রুমে প্রবেশ করেন।
ডাকসু ও হল সংসদ নির্বাচন-২০২৫-এর নির্বাচনী বিধিমালা ৬ এর (চ) অনুযায়ী— “পাঠদান ও পরীক্ষা কার্যক্রম ব্যাহত হতে পারে এমন কোনো স্থানে (যেমন- শ্রেণিকক্ষ, পাঠকক্ষ, পরীক্ষার হল ইত্যাদি) সভা/সমাবেশ বা নির্বাচনী প্রচারণা চালানো যাবে না। শ্রেণিকক্ষের ভেতরে ও করিডোরে মিছিল করা যাবে না।” এই বিধিমালা অনুযায়ী ছাত্রদলের সহ-সভাপতি পদপ্রার্থী নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করেছেন।
এদিকে আচরণবিধি ১৭ এর (ক) অনুযায়ী সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা লিখিত অভিযোগ প্রাপ্তি ও তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করবেন। প্রয়োজনে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা স্বপ্রণোদিতভাবেও তাৎক্ষণিক ব্যবস্থা নিতে পারবেন। নির্বাচনী বিধিমালা ১৭ এর (খ) অনুযায়ী— “কোনো প্রার্থী বা তাঁর পক্ষে কেউ নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করলে সর্বোচ্চ ২০ হাজার টাকা জরিমানা, প্রার্থিতা বাতিল অথবা বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার অথবা রাষ্ট্রীয়/বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী অন্য যেকোনো দণ্ডে দণ্ডিত হবেন।”
অভিযোগপত্রে শাহ জামাল লিখেছেন, “অতিসম্প্রতি অর্থাৎ গত ২১ আগস্ট থেকে আজ পর্যন্ত ছাত্রদলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান নির্বাচন কমিশন কর্তৃক ইস্যুকৃত একাধিক বিজ্ঞপ্তি উপেক্ষা ও অবজ্ঞা করে নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছেন। যা ডাকসু নির্বাচনী আচরণবিধি ৪(খ)-এর স্পষ্ট লঙ্ঘন। ফলে নির্বাচন কমিশনের একই আচরণবিধি ৪(ক)-এরও লঙ্ঘন প্রতীয়মান হচ্ছে। এমতাবস্থায় উক্ত প্রার্থীর এহেন কর্মকাণ্ড ভোটারদের শঙ্কিত ও বিব্রত করছে।”
অভিযোগ সম্পর্কে আবিদুল ইসলাম খান বলেন, “আমার একজন শিক্ষার্থী ওই হলে থাকায় সেখানে গিয়েছিলাম। আমরা হলে খাওয়াদাওয়া করেছি। আমার শিক্ষার্থী বলল- ভাই আমাদের লাইব্রেরিটা (রিডিং রুম) একবার দেখে যান। যার ফলে আমি লাইব্রেরিটা শুধু দেখেছি, অন্য কাউকে ভেতরে ঢুকতে দেওয়া হয়নি। তখন সবাই আমার দিকে তাকানোয় কুশল বিনিময় করেছি। একটা ছেলের সঙ্গে কুশল বিনিময় করার কারণে যদি নির্বাচন আচরণবিধি লঙ্ঘন হয়, তাহলে তো নির্বাচন কমিশনের উচিত প্রার্থীদেরকে বাসা থেকে বের না হওয়ার নির্দেশ দেওয়া।”
তিনি আরও বলেন, “আমার রাজনৈতিক ও নির্বাচন প্রক্রিয়ার অভিজ্ঞতার আলোকে এটা কোনোভাবেই আচরণবিধি লঙ্ঘনের মতো মনে হয়নি। সাধারণ শিক্ষার্থীরাও এটাকে আচরণবিধি ভঙ্গ মনে করবে না। যারা রাজনৈতিকভাবে আমাকে মোকাবিলা করতে ব্যর্থ হচ্ছে, তারাই আমাদের বিরুদ্ধে অপপ্রচার ও অভিযোগ করার চেষ্টা করছে।” সার্বিক বিষয়ে ডাকসু ও হল সংসদ নির্বাচনের প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন বলেন, “আমরা এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। বিষয়টি খতিয়ে দেখা হবে।”






