ঢাকা | শনিবার, ২১ নভেম্বর ২০২৬,৬ অগ্রহায়ণ ১৪৩৩

ডাকসু নির্বাচন: প্রার্থীতা ফেরত পাচ্ছেন ৩৪ প্রার্থী

আসন্ন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে আবেদনপত্রে ত্রুটি থাকায় প্রার্থীতা স্থগিত হওয়া ৪৭ প্রার্থীর মধ্যে আপিল করা ৩৪ প্রার্থীর সবাই নির্বাচনের সুযোগ পাচ্ছেন বলে জানিয়েছেন চীফ রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক ড. মো. জসিম উদ্দিন।

রোববার (২৪ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে নির্বাচন কনিশনের কার্যালয়ের সামনে সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, যে ৩৪ প্রার্থী আপিল করেছিল তাদের পক্ষেই রায় হয়েছে বলে আমরা জানতে পেরেছি। তারা প্রার্থীতা ফেরত পাবে। অর্থাৎ তারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন।

ভোটার তালিকা থেকে মেয়েদের ছবি সরিয়ে নেওয়া হবে কি-না প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা হলগুলোতে নোটিশ দিব। যেসব ছাত্রীরা তাদের ফেস দেখানোর বিষয়ে আপত্তি করবেন তারা আবেদন করলে তাদের ছবি সরিয়ে নেওয়া হবে৷

ডাকসু নির্বাচন পেছানো হতে পারে কি-না প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা যখন নমিনেশন পেপার ছেড়েছিলাম ও গ্রহণ করেছিলাম, তখন সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল৷ নির্বাচন ভন্ডুল বা শঙ্কার বিষয়ে আমাদের কাছে কিছু আসেনি। এখন পর্যন্ত সবকিছু স্বাভাবিক রয়েছে। আমাদের কাজ- সুন্দর পরিবেশে নির্বাচন আয়োজন করা। এরপর কি হবে সেটা বিশ্ববিদ্যালয় প্রশাসন, প্রক্টরিয়াল বডি দেখবে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজবের বিষয়ে তিনি বলেন, ফেসবুক গ্রুপগুলো বিভিন্ন গুজব ছড়ানো হচ্ছে বলে আমাদের কাছে অভিযোগ এসেছে। ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংসদ-১, শিক্ষার্থী সংসদ-২, নিরাপত্তা মঞ্চসহ বিভিন্ন গ্রুপকে আমরা বিটিআরসির মাধ্যমে বন্ধের সিদ্ধান্ত নিয়েছি। শুক্রবার-শনিবার যেহেতু বন্ধ ছিল, আজকে সেটা প্রশাসনে গিয়েছে। প্রক্রিয়া চলমান। আমাদের পক্ষ থেকে পেজগুলো ১০ তারিখ পর্যন্ত বন্ধ রাখতে বলা হয়েছে।

ছাত্রদল মনোনীত ভিপি আবিদুল ইসলাম রিডিং রুমে প্রচারণা করেছেন- প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা অভিযোগ পেয়েছি। কমিশনের মাঝে আলোচনা হবে। যে সিদ্ধান্ত আসবে সে অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে৷