ঢাকা | রবিবার, ৩১ মে ২০২৬,১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩

ডা. নিতাই হত্যায় ৫ জনের মৃত্যুদণ্ড, ৪ জনের আমৃত্যু কারাদণ্ড

ঢাকার বক্ষব্যাধি হাসপাতালের সহকারী অধ্যাপক নারায়ণ চন্দ্র দত্ত নিতাইকে হত্যার ঘটনায় ৫ জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। এছাড়াও চারজনকে আমৃত্যু কারাদণ্ড এবং একজনকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছে। রোববার (১৭ আগস্ট) ঢাকার দশম বিশেষ জজ আদালতের বিচারক রেজাউল করিম এ রায় দেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- কামরুল হাসান অরুন, মাসুম মিন্টু, সাইদ ব্যাপারী, বকুল মিয়া এবং সাইদ মিজি। পাশাপাশি আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্তরা হলেন- আবুল কালাম, সাইদুল, ফয়সাল এবং পেদা মাসুম। এছাড়া আসামি রফিকুল ইসলামকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছে।

সংশ্লিষ্ট আদালতের প্রসিকিউটর মোয়াজ্জেম হোসেন বলেন, ‘রায় ঘোষণার সময় ১০ আসামিকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। পরে রায় শেষে সাজা পরোয়ানা দিয়ে তাদের আবারও কারাগারে পাঠানো হয়।’

২০১২ সালের ২৩ অগাস্ট রাতে মহাখালীতে হাসপাতালের আবাসিক এলাকায় নিজের বাসায় খুন হন ডা. নারায়ণ চন্দ্র দত্ত নিতাই। তিনি ঢাকার বক্ষব্যাধি হাসপাতালের সহকারী অধ্যাপক ও তৎকালীন আওয়ামী লীগ সমর্থক স্বাধীনতা চিকিৎসক পরিষদের নেতা ছিলেন।

হত্যাকাণ্ডের রাতে দোতলা বাড়িতে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের নির্বাহী পরিষদের সদস্য ডা. নিতাইয়ের সঙ্গে ছিলেন শুধু তার বৃদ্ধা মা। স্ত্রী লাকী চৌধুরী ছিলেন চট্টগ্রামে। আলোচিত এ হত্যাকাণ্ডের পরদিন নিতাইয়ের বাবা বনানী থানার এই হত্যা মামলা দায়ের করেন।