জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) বিভিন্ন শূন্য পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়।
বিজ্ঞপ্তি অনুযায়ী, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও দপ্তরে মোট ১৯টি ক্যাটাগরির পদে জনবল নিয়োগ দেওয়া হবে। এসব পদে যোগ্য বাংলাদেশি নাগরিকদের কাছ থেকে অনলাইনে আবেদন আহ্বান করা হয়েছে।
নিয়োগের মধ্যে রয়েছে উপ-পরিচালক (পরিকল্পনা, উন্নয়ন ও ওয়ার্কস), উপ-পরীক্ষা নিয়ন্ত্রক, সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক, মেডিকেল অফিসার (পুরুষ), সেকশন অফিসার (গ্রেড-১), স্টোর অফিসার, সেকশন অফিসার (গ্রেড-২), প্রশাসনিক কর্মকর্তা, নার্স (মহিলা ২ জন ও পুরুষ ১ জন), কেয়ারটেকার, পারসোনাল অ্যাসিস্ট্যান্ট (পিএ), অফিস সেক্রেটারি কাম কম্পিউটার অপারেটর, হিসাবরক্ষক, সেমিনার সহকারী, ক্যাশিয়ার, ড্রাইভার, অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর, লিফট অপারেটর এবং অফিস সহায়ক (এমএলএসএস)।
এর মধ্যে উপ-পরিচালক (পরিকল্পনা, উন্নয়ন ও ওয়ার্কস) পদে বেতন স্কেল ৪৩ হাজার থেকে ৬৯ হাজার ৮৫০ টাকা। উপ-পরীক্ষা নিয়ন্ত্রক পদেও একই বেতন স্কেল নির্ধারণ করা হয়েছে। সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক পদে বেতন স্কেল ২৯ হাজার থেকে ৬৩ হাজার ৪১০ টাকা।
মেডিকেল অফিসার (পুরুষ) ও সেকশন অফিসার (গ্রেড-১) পদে বেতন স্কেল ২২ হাজার থেকে ৫৩ হাজার ৬০ টাকা। স্টোর অফিসার, সেকশন অফিসার (গ্রেড-২) ও প্রশাসনিক কর্মকর্তা পদে বেতন স্কেল ১৬ হাজার থেকে ৩৮ হাজার ৬৪০ টাকা।
নার্স, কেয়ারটেকার ও পারসোনাল অ্যাসিস্ট্যান্ট পদে বেতন স্কেল ১২ হাজার ৫০০ থেকে ৩০ হাজার ২৩০ টাকা। সেমিনার সহকারী ও ক্যাশিয়ার পদে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা এবং ড্রাইভার পদে ৯ হাজার ৭০০ থেকে ২৩ হাজার ৪৯০ টাকা বেতন নির্ধারণ করা হয়েছে। অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর, লিফট অপারেটর ও অফিস সহায়ক পদেও নির্ধারিত বেতন স্কেল অনুযায়ী নিয়োগ দেওয়া হবে।
শিক্ষাগত যোগ্যতা পদভেদে ভিন্ন। কর্মকর্তা পর্যায়ের অধিকাংশ পদে স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতকোত্তর ডিগ্রি চাওয়া হয়েছে। পাশাপাশি শিক্ষাজীবনে অন্তত একটি প্রথম বিভাগ/শ্রেণি থাকতে হবে এবং কোনো পর্যায়েই তৃতীয় বিভাগ/শ্রেণি বা সমমানের সিজিপিএ গ্রহণযোগ্য নয়। সংশ্লিষ্ট পদে অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের বিভিন্ন ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে।
মেডিকেল অফিসার পদে এমবিবিএস ডিগ্রি এবং বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) নিবন্ধন থাকতে হবে। নার্স পদে এসএসসি বা সমমানসহ তিন বছর মেয়াদি ডিপ্লোমা ইন নার্সিং এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে এক বছরের বাস্তব অভিজ্ঞতা চাওয়া হয়েছে। ড্রাইভার পদে এসএসসি পাসের পাশাপাশি বিআরটিএ লাইসেন্স এবং ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার শর্ত রয়েছে।
অধিকাংশ পদের ক্ষেত্রে প্রার্থীর সর্বোচ্চ বয়স ৩২ বছর নির্ধারণ করা হয়েছে। মেডিকেল অফিসার পদের ক্ষেত্রে বয়সসীমা সর্বোচ্চ ৪০ বছর।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতার সনদ, প্রযোজ্য ক্ষেত্রে অভিজ্ঞতার প্রমাণপত্র, জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত কপি এবং সদ্য তোলা পাসপোর্ট আকারের তিন কপি সত্যায়িত রঙিন ছবি সংযুক্ত করতে হবে। অনলাইনে পূরণ করা আবেদন ফরমের প্রিন্ট কপিসহ মোট আট সেট পূর্ণাঙ্গ আবেদনপত্র আগামী ১০ অক্টোবর ২০২৬ তারিখের মধ্যে বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট দপ্তরে পৌঁছাতে হবে।
আবেদন ফি হিসেবে ১ থেকে ৮ নম্বর পদের জন্য ৪০০ টাকা এবং ৯ থেকে ১৯ নম্বর পদের জন্য ৩০০ টাকা নির্ধারণ করা হয়েছে। ফি নগদ বা রকেটের মাধ্যমে পরিশোধ করতে হবে।
চাকরিরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে। নিয়োগ প্রক্রিয়ার যেকোনো পর্যায়ে আবেদনপত্রে ভুল বা অসম্পূর্ণ তথ্য পাওয়া গেলে আবেদন বাতিল বলে গণ্য হবে। নিয়োগসংক্রান্ত বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
উল্লেখ্য, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত নিয়োগ আবেদন ওয়েবসাইটে অনলাইনে আবেদন করা যাবে।





