মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কি তাহলে নোবেল শান্তি পুরস্কার পাবেন? এ নিয়ে বিশ্বব্যাপী চলছে ব্যাপক আলোচনা সমালোচনা। ট্রাম্প নিজে শান্তিতে নোবেল পুরস্কার চান। এক কথায় নোবেল পুরস্কার পেতে একদম মরিয়া হয়ে গেছেন ট্রাম্প।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নরওয়ের অর্থমন্ত্রী ও ন্যাটোর সাবেক মহাসচিব ইয়েন্স স্টলটেনবার্গের সঙ্গে ফোনালাপে নোবেল শান্তি পুরস্কার চেয়েছেন। গত মাসে শুল্ক নিয়ে আলোচনার সময় ট্রাম্প এই দাবি করেন। নরওয়েজিয়ান দৈনিক ডাগেনস নায়েরিংস্লিভের বরাত দিয়ে এ খবর জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।
পত্রিকাটির বৃহস্পতিবারের (১৪ আগস্ট) প্রতিবেদনে বলা হয়, ইসরাইল, পাকিস্তান ও কম্বোডিয়াসহ কয়েকটি দেশের মধ্যে শান্তি চুক্তি ও যুদ্ধবিরতিতে মধ্যস্থতার কারণে ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছে। চারজন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ইতোমধ্যেই এই সম্মান পেয়েছেন; তাই ট্রাম্প মনে করেন, তিনিও এই পুরস্কার পাওয়ার যোগ্য। এর আগে স্টলটেনবার্গের সঙ্গে নোবেল নিয়ে তার আলোচনা হয়েছিল বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়।

এদিকে সাবেক মার্কিন ফার্স্টলেডি হিলারি ক্লিনটন বলেছেন, তিনি প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পকে নোবেল পুরস্কারের জন্য মনোনীত করবেন যদি ট্রাম্প রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধ করতে পারেন। তবে এক্ষেত্রে কিয়েভকে যেনো কোনো ভূখন্ড ছাড়া না লাগে সে বিষয়টি লক্ষ্য রাখতে হবে। এ খবর দিয়েছে অনলাইন এনডিটিভি।দৈনিক পত্রিকা সাবস্ক্রিপশন
এতে বলা হয়েছে, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকের কয়েক ঘণ্টা আগে ওই কথা বলেন হিলারি। বলেন, যদি তিনি রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধ করতে পারেন, যদি ইউক্রেনকে কোনো ভূখন্ড না ছাড়তে হয় এবং পুতিনের বিরুদ্ধে সত্যিই যদি দাঁড়াতে পারেন তাহলে আমার মনে হয় আমি তাকে নোবেল পুরস্কারের জন্য মনোনীত করবো। পুতিনের সঙ্গে বৈঠকের বিষয়ে তিনি বলেন, ট্রাম্প তার কোনো বন্ধুর সঙ্গে সাক্ষাৎ করছেন না। তিনি এমন এক প্রতিপক্ষের সঙ্গে সাক্ষাৎ করছেন, যিনি যুক্তরাষ্ট্র ও পশ্চিমা মিত্রকে ধ্বংস করতে চায়।
হোয়াইট হাউস ও নরওয়েজিয়ান নোবেল কমিটির পক্ষ থেকে এ বিষয়ে মন্তব্যের জন্য অনুরোধ করলেও তারা সাড়া দেয়নি।
প্রতি বছর শত শত প্রার্থী মনোনীত হওয়ার কারণে নরওয়ের নোবেল কমিটি বিজয়ীদের নির্বাচন করে, যার পাঁচজন সদস্য দেশটির সংসদ কর্তৃক নিযুক্ত হন। অক্টোবরে অসলোতে নোবেল পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা করা হতে পারে।






