ঢাকা | সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬,৬ আশ্বিন ১৪৩৩

৮০ ভাগ শিক্ষার্থী ছাত্র রাজনীতি চায় না: ছাত্রশিবির

বর্তমানে ৮০ ভাগ শিক্ষার্থী ছাত্র রাজনীতি চায় না। জুলাই অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের অভ্যন্তরীণ এক জরিপে এ পরিসংখ্যান উঠে এসেছে। জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।

জাহিদুল ইসলাম বলেন—ছাত্ররাজনীতি নিয়ে এই ভীতি দূর করতে ছাত্রশিবির কাজ করছে। বর্তমানে রাজনীতি বিরোধী মত ৮০ ভাগ থেকে ৬০ ভাগে নেমেছে।

বৃহস্পতিবার আয়োজিত সংবাদ সম্মেলনে শিক্ষা সংস্কারে একটি স্বাধীন অন্তর্ভুক্তিমূলক শিক্ষা কমিশন গঠন, মাদ্রাসা শিক্ষার উন্নয়নে আলাদা কমিশন ও জুলাই গণঅভ্যুত্থানকে পাঠ্যসূচিতে অন্তর্ভুক্তকরণসহ ৩০ দফা প্রস্তাব দিয়েছে ছাত্রশিবির।

এ সময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে শিবির সভাপতি বলেন, ফ্যাসিবাদী সংগঠন-ছাত্রলীগের অপরাজনীতি ও জুলুমতন্ত্রের কারণে ছাত্ররাজনীতি নিয়ে ভীতি তৈরি হয়েছে। এই ভীতি দূর করতে নানাভাবে কাজ করছে শিবির।

ঢাবির হলে ছাত্রদলের কমিটি নিয়ে বিতর্ক প্রসঙ্গে শিবির সভাপতি বলেন, ছাত্ররাজনীতি সাংবিধানিক অধিকার। কিন্তু কিছু কারণে এই রাজনীতি নিষিদ্ধ করতে বাধ্য হয়েছিল কর্তৃপক্ষ।

তিনি বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি দাবি জানিয়ে বলেন—শিক্ষার্থীদের মতামত নেয়া যেতে পারে। অধিকাংশ শিক্ষার্থী যদি হলে রাজনীতি চায় তাহলে ছাত্রশিবিরও দ্রুত কমিটি দেবে। তার আগে শিক্ষার্থীদের মতামত নিতে হবে।