ঢাকা | মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬,২ অগ্রহায়ণ ১৪৩৩

রাশিয়ায় বাংলাদেশ দূতাবাসে স্মারকলিপি দিয়েছে নিষিদ্ধ আওয়ামী লীগ

রাশিয়ার রাজধানী মস্কোতে বাংলাদেশ দূতাবাসে আট দফা দাবিতে স্মারকলিপি দিয়েছে বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের রাশিয়া শাখার নেতারা। সোমবার (১৬ নভেম্বর) স্থানীয় সময় রাশিয়া আওয়ামী লীগের একটি প্রতিনিধিদল মস্কোয় বাংলাদেশ দূতাবাসে গিয়ে এ স্মারকলিপি হস্তান্তর করে।

বিশেষ সূত্রে জানা যায়, রাশিয়া আওয়ামী লীগের সাবেক সভাপতি ডা. মোতালিব পাটওয়ারী বাহার ও সাধারণ সম্পাদক আহসানুল কবির লিন্টুর নেতৃত্বে প্রতিনিধিদলে উপস্থিত ছিলেন রাশিয়া আওয়ামী লীগের সহসভাপতি শাহ রিয়াজ মিতু, গোলাম ফরিদ, ডাক্তার হাবিবুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন রাজীব, সাংগঠনিক সম্পাদক সোহেল আফতাব, মিজানুর রহমান, সাখাওয়াত ডিকান, এডওয়ার্ড আর্থার দীপ, রাশিয়া ছাত্রলীগের সভাপতি সবুজ রনি।

জানা যায়, বাংলাদেশের রাষ্ট্রপতি ও সরকারের উদ্দেশে দেওয়া স্মারকলিপিটি মস্কোয় বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে পাঠানো হয়েছে। নিষিদ্ধ আওয়ামী লীগের নেতারা স্মারকলিপিতে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, গণতন্ত্র, মানবাধিকার, আইনের শাসন এবং রাজনৈতিক অধিকার-সংক্রান্ত বিভিন্ন বিষয়ে আট দফা দাবি তুলে ধরেছেন।

স্মারকলিপিতে নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনাসহ দলটির নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা বিভিন্ন মামলা প্রত্যাহার ও গ্রেপ্তার ব্যক্তিদের মুক্তির দাবি জানানো হয়েছে। পাশাপাশি নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের কার্যক্রমের ওপর আরোপিত বিধিনিষেধ প্রত্যাহার, রাজনৈতিক ও গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠা এবং দেশে আইনশৃঙ্খলা ও নাগরিক নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে।

এ ছাড়া স্মারকলিপিতে রাজনৈতিক প্রতিহিংসা বন্ধ, মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত, গণমাধ্যমের স্বাধীনতা রক্ষা এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের ওপর হয়রানি ও নির্যাতন বন্ধের বিষয়েও দাবি জানান নিষিদ্ধ আওয়ামী লীগের নেতারা।

রাশিয়ার বাংলাদেশের দূতাবাসের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের একটি প্রতিনিধিদল দূতাবাসে এসে একটি স্মারকলিপি দিয়ে গেছেন। আমরা বিষয়টি উদ্ধতন কর্তৃপক্ষকে জানিয়েছি বলে তিনি উল্লেখ করেন।