শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর কোনো পাবলিক পরীক্ষার প্রশ্নফাঁস হয়নি। তবে প্রশ্নফাঁসের চেষ্টা যে হয়নি, তা নয়। ভবিষ্যতে প্রশ্নপত্র প্রণয়ন ও মডারেশন থেকে শুরু করে পরীক্ষা গ্রহণের পদ্ধতিতে পরিবর্তন আনা হচ্ছে। পরীক্ষার এক ঘণ্টা আগে উপজেলা পর্যায়ে প্রশ্নপত্র ছাপানোর ব্যবস্থা চালুর দিকে এগোচ্ছে সরকার।
সোমবার (১৬ নভেম্বর) বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীনবরণ অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, আমরা দায়িত্ব পাওয়ার পর প্রশ্নফাঁস হয়নি। তারা চেষ্টা করেনি, তা কিন্তু না। আগামীতে প্রশ্ন মডারেশন থেকে সব পরিবর্তন করছি। আগামী দিনে সরাসরি উপজেলা লেভেলে এক ঘণ্টা আগে প্রিন্ট হবে, সেই ব্যবস্থার দিকে আমরা ধাবিত হচ্ছি।
শিক্ষাব্যবস্থার উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, শুধু অবকাঠামোগত উন্নয়ন হলেই একটি জাতির উন্নয়ন হয় না। বর্তমান সময়ে মানবসম্পদই একটি দেশের সবচেয়ে বড় প্রাকৃতিক সম্পদ। আমাদের ন্যাচারাল ক্যাপিটাল হলো হিউম্যান বিং।
বিশ্ববিদ্যালয়ে ইংরেজি মাধ্যমের শিক্ষার্থীদের অংশগ্রহণ কম থাকার বিষয়টি তুলে ধরে মন্ত্রী বলেন, বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীনবরণ অনুষ্ঠানে তিনি ইংরেজি মাধ্যমের কোনো শিক্ষার্থীকে খুঁজে পাননি। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ওরিয়েন্টেশন অনুষ্ঠানেও একই অবস্থা দেখেছেন। সেখানে মাত্র তিনজন শিক্ষার্থী হাত তুলেছিলেন।
এ বিষয়ে তিনি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যানকে বিশ্ববিদ্যালয়গুলোতে ইংরেজি মাধ্যমের শিক্ষার্থীদের অংশগ্রহণের সুযোগ তৈরির বিষয়টি বিবেচনা করতে বলেছেন।
শিক্ষামন্ত্রী বলেন, এখন প্রত্যেক শিক্ষার্থীই বৈশ্বিক নাগরিক। মেধাবীদের কোনো ভিসা লাগে না, মেধাবীদের কোনো ঠিকানা লাগে না। বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকতে হলে শিক্ষার্থীদের গতানুগতিক শিক্ষাধারা থেকে বেরিয়ে আসতে হবে। এ জন্য শিক্ষাব্যবস্থায় প্রয়োজনীয় পরিবর্তন আনতে হবে।
দেশের শিক্ষাব্যবস্থার বর্তমান অবস্থা নিয়ে তিনি বলেন, ‘শিক্ষাব্যবস্থাকে যেখানে রেখে এসেছিলাম, এবার এসে আর সেই জায়গায় আমরা পাইনি।’ তবে প্রধানমন্ত্রী শিক্ষাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন বলে উল্লেখ করেন তিনি।
শিক্ষামন্ত্রী জানান, আগে শিক্ষা খাতে বরাদ্দ ছিল ৮৭ হাজার কোটি টাকা। এবার তা বাড়িয়ে ১ লাখ ৩৬ হাজার কোটি টাকা করা হয়েছে। ভবিষ্যতে শিক্ষা খাতে বরাদ্দ মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ৫ শতাংশে উন্নীত করার লক্ষ্য রয়েছে।
কারিগরি শিক্ষার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, প্রধানমন্ত্রী কারিগরি শিক্ষাকে বিশেষ গুরুত্ব দিয়েছেন। বিশ্ববিদ্যালয়গুলোতে স্বাস্থ্যবিজ্ঞান ও নার্সিংয়ের মতো বিষয় যুক্ত করা হচ্ছে। সারাদেশে শিক্ষার উন্নয়নে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হচ্ছে। ইতোমধ্যে পরীক্ষা আইন পরিবর্তন করা হয়েছে বলেও জানান তিনি।
তিনি বলেন ফেসবুক আজকাল তিলকে তাল বানায়। আমি মিডিয়াকে আহ্বান জানাবো এই শিক্ষার ক্ষেত্রে তিলকে তাল বানিয়ে জাতিকে ক্ষতিগ্রস্ত করবেন না।




