ঢাকা | মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬,২৫ কার্তিক ১৪৩৩

লীগ পুনর্বাসনের দায়ে ঢাবি প্রশাসনকে পদত্যাগের আহ্বান ডাকসুর

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে ধারাবাহিক ককটেল বিস্ফোরণ ও চরম নিরাপত্তা সংকটের ঘটনায় জবাবদিহি চাইতে ১০ নভেম্বর (মঙ্গলবার) সন্ধ্যায় উপাচার্য, উপ-উপাচার্য ও প্রক্টরসহ বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে গেছেন ডাকসুর ভিপি সাদিক কায়েমসহ অন্যান্য নেতৃবৃন্দ।

এ সময় তারা সাধারণ শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং নিষিদ্ধ আওয়ামী লীগ-সংশ্লিষ্ট ছাত্র, শিক্ষক ও কর্মচারীদের বিরুদ্ধে অবিলম্বে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানান। অন্যথায় লীগ পুনর্বাসনের দায় ঘাড়ে নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে পদত্যাগ করার আহ্বান জানান ডাকসু নেতৃবৃন্দ।

ডাকসু নেতাদের পক্ষ থেকে বলা হয়, গত এক সপ্তাহ ধরে নিষিদ্ধ আওয়ামী লীগের পক্ষ থেকে ১০ নভেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ে বোমা হামলার হুমকি দেওয়া হচ্ছিল। এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন ঠিক কী পদক্ষেপ নিয়েছে তা জানতে চাওয়া হলে প্রশাসন জানায়, নিরাপত্তা জোরদার করার লক্ষ্যে মঙ্গলবার রাত ৮টায় একটি সভা ডাকা হয়েছে। তবে ডাকসু নেতারা মনে করেন, এ ধরনের হুমকি পাওয়ার পরপরই জরুরি সভা ডেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে ক্যাম্পাসের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা উচিত ছিল। ধারাবাহিক নাশকতার ঘটনার পরও কেবল সভা ডেকে প্রশাসন সময়ক্ষেপণ করছে বলে তারা অভিযোগ করেন।

বক্তব্যে নেতৃবৃন্দ আরও অভিযোগ তুলে বলেন, শিক্ষার্থীদের পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করার চেয়ে নিষিদ্ধ আওয়ামী লীগ-সংশ্লিষ্ট ব্যক্তিদের পুনর্বাসনেই বিশ্ববিদ্যালয় প্রশাসনের আগ্রহ বেশি দেখা যাচ্ছে। অর্থের বিনিময়ে বিভিন্ন দপ্তরে নিষিদ্ধ আওয়ামী লীগ-সংশ্লিষ্ট ব্যক্তিদের পুনরায় বহাল করা হচ্ছে বলেও দাবি করেন তারা।

এ প্রসঙ্গে তারা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের (আইবিএ) শিক্ষক আবু ইউসুফ আবদুল্লাহর নাম উল্লেখ করেন। ছাত্রনেতাদের দাবি, জুলাই গণহত্যায় উক্ত শিক্ষকের সংশ্লিষ্টতার অভিযোগে শত শত পৃষ্ঠার সুস্পষ্ট নথি বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে জমা দেওয়া সত্ত্বেও তাকে আইবিএর পরিচালক পদে পুনর্বহাল করা হয়েছে।

ডাকসু নেতাদের অভিযোগ, নিষিদ্ধ আওয়ামী লীগ-সংশ্লিষ্ট ব্যক্তিদের পুনর্বাসন এবং তাদের সঙ্গে প্রশাসনের নিয়মিত যোগাযোগের কারণেই ক্যাম্পাসে ককটেল ও বোমা বিস্ফোরণের মতো নাশকতামূলক কর্মকাণ্ড চালানোর সাহস পাচ্ছে নিষিদ্ধ এই সংগঠনটি। বিদ্যমান পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের দায়িত্ব পালন করার নৈতিক অধিকার নিয়েও প্রশ্ন তোলেন তারা।

সবশেষে ডাকসু নেতারা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে দুটি স্পষ্ট দাবি জানান। প্রথমত, শিক্ষার্থীদের শতভাগ নিরাপত্তা নিশ্চিত করে ক্যাম্পাসে যাবতীয় নাশকতা অবিলম্বে বন্ধ করতে হবে এবং নিষিদ্ধ আওয়ামী লীগ-সংশ্লিষ্ট ছাত্র, শিক্ষক ও কর্মচারীদের বিচার নিশ্চিত করতে হবে। দ্বিতীয়ত, এসব দাবি পূরণে ব্যর্থ হলে লীগ পুনর্বাসনের দায় মাথায় নিয়ে প্রশাসনকে পদত্যাগ করতে হবে।