ঢাকা | মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬,২৫ কার্তিক ১৪৩৩

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস পুরোপুরি অরক্ষিত: আব্দুল কাদের

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক ও বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক আব্দুল কাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসকে “সম্পূর্ণ অরক্ষিত” বলে মন্তব্য করেছেন। আজ ১০ নভেম্বর, নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্টে তিনি এই মন্তব্য করেন।

আব্দুল কাদেরের লেখাটি নিচে তুলে ধরা হলো-

দুই দিন ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন জায়গায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটছে। আজকে একাডেমি ভবনে ককটেল বিস্ফোরণে একজন মারাত্মকভাবে আহত হয়েছেন। ক্যাম্পাস পুরোপুরি অরক্ষিত; এমন পরিস্থিতিতেও শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে দৃশ্যমান কোনো উদ্যোগ দেখা গেল না।

বর্তমানে ঢাবিতে দায়িত্বপ্রাপ্ত কোনো প্রক্টর আছেন কি না, জানা নেই। উল্লেখযোগ্য কোনো কাজে তাঁর তৎপরতা দেখার সুযোগ হয়ে ওঠেনি বিগত কয়েক মাসে। এমন অথর্ব ব্যক্তিকে বিএনপি বানিয়েছে প্রক্টর!

ঢাবিতে ককটেল বিস্ফোরণ। ছবি: সংগৃহীত

৩ আগস্ট হাসিনার পক্ষে রেজিস্ট্রার ভবনে মিছিল করা প্রত্যেক কর্মকর্তা-কর্মচারী এখনো বহাল তবিয়তে আছেন। শিক্ষকদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি, মামলায় অভিযুক্ত ছাত্রলীগের বিরুদ্ধেও না। বর্তমান নাশকতার সাথে এদের সংশ্লিষ্টতা অবশ্যই আছে।

বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতে কার্যকর পদক্ষেপ নিক; আর নিতে ব্যর্থ হলে দায়িত্ব ছেড়ে দিক। ক্যাম্পাসে আর একটা ককটেল বিস্ফোরণ হলে, কোনো শিক্ষার্থী ভাই-বোনের ন্যূনতম কিছু হলে আমরা ভিসি-প্রক্টর থেকে সেটার খেসারত আদায় করে ছাড়ব। কথা ক্লিয়ার।