রাজধানীর পুরানা পল্টনের ১নং হোল্ডিংয়ে সরকারি খাস ও পরিত্যক্ত জমির ভুয়া কাগজপত্র তৈরি করে বহুতল বাণিজ্যিক ভবন নির্মাণ ও বিক্রির গুরুতর অভিযোগ উঠেছে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক বিশেষ সহকারী ও ‘আবেদ হোল্ডিংস লিমিটেড’-এর চেয়ারম্যান মো. মমতাজ হোসেনের বিরুদ্ধে। বিগত আওয়ামী শাসনামলে ক্ষমতার অপব্যবহার করে সরকারি জমি দখল করেন। রাজউক ও জেলা প্রশাসনের একশ্রেণির অসাধু কর্মকর্তাকে ম্যানেজ করে অবৈধ ভবন নির্মাণ করে বিক্রি করেছেন। মমতাজ হোসেন সরকারি সম্পত্তি বিক্রি করে অর্জিত শত শত কোটি টাকা বিদেশে পাচার করেছেন বলে অনুসন্ধানে উঠে এসেছে।
অনুসন্ধানে দেখা যায়, পুরানা পল্টনের ১ নং ঠিকানায় প্রায় ২৬ কাঠা খাস ও পরিত্যক্ত জমির ওপর ১৮ তলা ‘এফ এ টাওয়ার’ যা কাগজে-কলমে নাম রয়েছে ফারস ডেভেলপার কোম্পানির নামে। তবে এর নেপথ্যে মূলত কাজ করেছেন পতিত শেখ হাসিনার সাবেক বিশেষ সহকারী মো. মমতাজ হোসেন ও তাঁর প্রতিষ্ঠান ‘আবেদ হোল্ডিংস লিমিটেড’।
সরকারি জমির বিষয়ে বিস্তারিত অনুসন্ধানে জানা যায়, ১ নং পুরানা পল্টন হোল্ডিংয়ের জমিটি গণপূর্ত মন্ত্রণালয়ের পরিত্যক্ত অনুবিভাগ-০৯ কর্তৃক ১৯৮৬ সালের ২৩ সেপ্টেম্বর প্রকাশিত গেজেট অনুসারে সরকারি সম্পত্তি ও পরিত্যক্ত বাড়ি। ঢাকা মহানগর জরিপ অনুযায়ী এ জমিটির ১২.৭৯ শতক খাসজমি। ঢাকা মহানগর রেকর্ড পর্যালোচনায় পুরানা পল্টনের বাড়ির এই তথ্য বেরিয়ে আসে।

অনুসন্ধানে থলের বিড়াল বেরিয়ে আসে, ২০২৩ সালে মো. মমতাজ হোসেন রাজনৈতিক প্রভাব খাটিয়ে ও ক্ষমতার অপব্যবহার করে জালিয়াতি ও প্রতারণার আশ্রয়ে জায়গাটির দখল নেন। সরকারের সংশ্লিষ্ট দপ্তরসমূহকে অন্ধকারে রেখে ফারস ডেভেলপার কোম্পানির নামে বহুতল ভবনের অনুমোদন নিয়ে ১৮ তলার সুপারস্ট্রাকচার নির্মাণ করেন।
২০২৩ সালের জুলাইয়ে ঢাকা জেলার তৎকালীন জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান রাজউকের সঙ্গে যোগাযোগ করে জানান যে, এই জমিটি ১ নং খাস খতিয়ানভুক্ত এবং পরিত্যক্ত সম্পত্তির তালিকাভুক্ত জমি। তাই ভবন নির্মাণের অনুমোদন বাতিলের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানান তিনি।
ঢাকা জেলা প্রশাসনের আবেদনের ভিত্তিতে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) ভবনটির অনুমোদন বাতিল করে ও এটি পরিত্যক্ত ঘোষণা করে। বিধিমালা অনুসারে ২০২৩ সালের ৬ জুলাই বিসি কমিটিতে ভবনটির নির্মাণ অনুমোদন বাতিল করা হয়। নির্মাণ অনুমোদন বাতিলের বিষয়টি জানিয়ে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ থেকে একই দিনে (৬ জুলাই) ফারস হোল্ডিং অ্যান্ড অ্যাসোসিয়েটসের ব্যবস্থাপনা পরিচালক আকরাম হোসেন এবং নুর বিল্ডার্সের ব্যবস্থাপনা পরিচালক মো. লোকমান মাহমুদ ও আবুল কাশেমকে আনুষ্ঠানিক চিঠি দেওয়া হয়।
সরকারি জমিতে ভবন নির্মাণ করতে মরিয়া হয়ে মমতাজ হোসেন রাজনৈতিক প্রভাব খাটিয়ে তৎকালীন ঢাকা জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমানকে রাতারাতি বদলি করে দেন। পরিস্থিতি অনুকুলে আনতে দেখান ক্ষমতার দাপট।
অনুসন্ধানে জানা যায়, আইনানুযায়ী সব ধরনের কার্যক্রম বন্ধের নির্দেশ থাকলেও তা তোয়াক্কা করেননি মো. মমতাজ হোসেন। আড়ালে থেকে রাজনৈতিক প্রভাব খাটিয়ে ক্ষমতার অপব্যবহার করেন তিনি। অভিযোগ রয়েছে, তৎকালীন ডিসি কার্যালয় ও রাজউকের প্রভাবশালী মহলের যোগসাজশে রাজউকের ওই সিদ্ধান্ত ধামাচাপা দিয়ে সাধারণ ক্রেতাদের কাছে ভবনটির ফ্লোর ও স্পেস বিক্রি করে দেওয়া হয়। এভাবে রাতারাতি গড়ে তোলা হয় অবৈধ বহুতল ভবন।
আইন অনুযায়ী ভবনটির নির্মাণ ও বাণিজ্যিক কার্যক্রম সম্পূর্ণ অবরুদ্ধ হওয়ার কথা থাকলেও, মো. মমতাজ হোসেনের ক্ষমতার কাছে আইন সম্পূর্ণ জিম্মি হয়ে পড়ে। রাষ্ট্রীয় শীর্ষ দুই সংস্থাকে ম্যানেজ করে আইনের ফাঁক ফোকর দিয়ে পরিত্যক্ত ঘোষিত এই ভবনের ফ্লোর ও স্পেস দেদারসে সাধারণ মানুষের কাছে বিক্রি করে হাতিয়ে নেওয়া হয় শত শত কোটি টাকা।

এখানেই শেষ নয়, অভিযোগ রয়েছে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার সাবেক এই বিশেষ সহকারী আওয়ামী লীগ শাসনামলে ঢাকার অসংখ্য সরকারি খাস ও পরিত্যক্ত জমি টার্গেট করে দখল এবং বহুতল ভবন নির্মাণ করে বিক্রি করে দিয়েছেন। তিনি লোকচক্ষুর আড়ালে থাকলেও মূলত তিনি এই সরকারি জমি দখলকারী চক্রের মূল হোতা।
এ বিষয়ে জানতে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান প্রকৌশলী রিয়াজুল ইসলামকে একাধিকবার ফোন করা হলেও তিনি তা রিসিভ করেননি। এমনকি খুদেবার্তা পাঠালেও তিনি কোনো সাড়া দেননি।
মমতাজ হোসেন সরকারি জমি জালিয়াতি ও অবৈধ ভবন বাণিজ্যের মাধ্যমে উপার্জিত এই হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছেন। অনুসন্ধানে জানা যায়, এই বিপুল অর্থ অবৈধ হুন্ডি সিন্ডিকেটের মাধ্যমে সুকৌশলে ব্রুনাইসহ বিভিন্ন দেশে পাচার করা হয়েছে। ১৯৯৭ থেকে ২০০১ সাল পর্যন্ত মো. মমতাজ হোসেন ব্রুনাইয়ে বাংলাদেশের হাইকমিশনার (রাষ্ট্রদূত) হিসেবে দায়িত্ব পালন করেন। অভিযোগ রয়েছে, তখন থেকেই ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে ব্রুনাই এবং আরও কয়েকটি দেশে তিনি অর্থ পাচার ও অবৈধ সম্পদের পাহাড় গড়ে তোলেন।
এ বিষয়ে জানতে চাইলে ঢাকা জেলা প্রশাসক ফরিদা খানম বলেন, “এ বিষয়ে আমরা বিস্তারিত তদন্ত করে দ্রুত প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করব।”






