ঢাকা | রবিবার, ৮ নভেম্বর ২০২৬,২৩ কার্তিক ১৪৩৩

শিক্ষা সফরের বাস খাদে পড়ে দুই শিক্ষক নিহত, আহত ২০

চট্টগ্রামের সাতকানিয়ায় শিক্ষা সফরের বাস খাদে পড়ে দুই শিক্ষক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২০ জন।

কুমিল্লা থেকে কক্সবাজারে যাওয়ার পথে শনিবার (৭ নভেম্বর) ভোর ৪টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নুরুল আবসার জানান, কুমিল্লার বুড়িচং উপজেলার বাকশীমুল এলাকার একটি মাদ্রাসার শিক্ষক শিক্ষার্থীরা দুটি বাসে করে শিক্ষা সফরে কক্সবাজার যাচ্ছিলেন। পথে সাতকানিয়া এলাকার রেলক্রসিং পার হয়ে কিছুদুর যাওয়ার পর নিয়ন্ত্রণ হারিয়ে দ্বিতীয় বাসটি খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই সাখাওয়াত হোসেন ইস্রাফিল এবং সোহানা আফরোজ নামের দুই শিক্ষকের মৃত্যু হয়। আহত হয় অন্তত বিশ জন।

দুর্ঘটনার পর স্থানীয় লোকজন উদ্ধারকাজে এগিয়ে আসেন। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়।

আহতদের মধ্যে ১৩ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। মরদেহ দোহাজারী হাইওয়ে থানা হেফাজতে রয়েছে।