রাজধানীর আগারগাঁওয়ে পুরোনো বাণিজ্যমেলার মাঠ পুনরুদ্ধারের দাবিতে চীন মৈত্রী সিগন্যাল অবরোধ করেছেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) শিক্ষার্থীরা। বুধবার (৪ নভেম্বর) দুপুরে মাঠ পুনরুদ্ধারের দাবিতে চলমান আন্দোলনের অংশ হিসেবে তারা এ কর্মসূচি পালন করছেন।
এদিন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে মিছিল নিয়ে বের হয়ে চীন মৈত্রী সিগন্যাল এলাকায় অবস্থান নেন শিক্ষার্থীরা। একপর্যায়ে দুপুর ১২টা থেকে সিগন্যাল অবরোধ করেন। এতে ওই সড়কে যান চলাচল ব্যাহত হয়। এ সময় মাঠ পুনরুদ্ধারের দাবিতে বিভিন্ন স্লোগান দেন আন্দোলনকারীরা। সড়কে অবস্থান নিয়ে অবরোধ কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। এছাড়াও গণপূর্তের কুশপুত্তলিকা দাহ করেন তারা।
প্রসঙ্গত, পুরোনো বাণিজ্যমেলার মাঠ বিশ্ববিদ্যালয়ের কাছে ফিরিয়ে দেওয়ার দাবিতে কয়েক দিন ধরে আন্দোলন করছেন শিক্ষার্থীরা। গেল ছয়দিন ধরে তারা আন্দোলন করে আসছে। শিক্ষার্থীদের দাবি, বিশ্ববিদ্যালয়ের পুরোনো গবেষণা মাঠ ফিরিয়ে না দেয়া পর্যন্ত তাদের আন্দোলন অব্যাহত থাকবে।





