ঢাকা | রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬,১২ আশ্বিন ১৪৩৩

শিক্ষাপ্রতিষ্ঠানের অনুদানের টাকা পেতে লাগবে ম্যানেজিং কমিটির প্রত্যয়ন

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের মেরামত ও সংস্কার এবং আসবাবপত্র সংগ্রহের জন্য আর্থিক অনুদানের আবেদন করতে নির্ধারিত ফরমে বিভিন্ন তথ্য দিতে হবে। আবেদনের ক্ষেত্রে প্রতিষ্ঠানসংক্রান্ত তথ্য, প্রতিষ্ঠানের ধরণ, আবেদনের কারণ, ব্যাংক হিসাব এবং ম্যানেজিং কমিটির প্রত্যয়নপত্র চাওয়া হয়েছে।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের আর্থিক অনুদানসংক্রান্ত ফরমে এসব তথ্য উল্লেখ করা হয়েছে। চলতি অনুদান কার্যক্রমে বেসরকারি সাধারণ শিক্ষাপ্রতিষ্ঠানের মেরামত-সংস্কার, আসবাবপত্র ও শিক্ষা উপকরণ সংগ্রহসহ বিভিন্ন খাতে অনুদানের সুযোগ রাখা হয়েছে।

তথ্য অনুযায়ী, জেলা কমিটির যাচাই ও সুপারিশ করা আবেদন ১৫ অক্টোবর বিকেল ৪টার মধ্যে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব বরাবর পৌঁছাতে হবে।

প্রতিষ্ঠান প্রধান-অধ্যক্ষ-প্রধান শিক্ষক-রেজিস্ট্রারের মাধ্যমে পাওয়া আবেদনগুলো জেলা কমিটি যাচাই-বাছাই করবে। এরপর সুপারিশকৃত আবেদন যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব বরাবর পাঠানো হবে। নির্ধারিত সময়ের পর পাওয়া কোনো আবেদন বিবেচনা করা হবে না

আবেদনের শুরুতে প্রতিষ্ঠান প্রধানের মোবাইল নম্বর, প্রতিষ্ঠানের ইআইআইএন, বাংলা ও ইংরেজি নাম, প্রতিষ্ঠানের স্তর, বিভাগ, জেলা এবং উপজেলা-থানার তথ্য দিতে হবে।

এ ছাড়া প্রতিষ্ঠানের ধরন নির্বাচন করতে হবে। ফরমে প্রতিষ্ঠানের ধরন হিসেবে এমপিওভুক্ত, অনুমতিপ্রাপ্ত ও স্বীকৃতিপ্রাপ্ত—এই তিনটি অপশন রাখা হয়েছে।

প্রতিষ্ঠানের দাপ্তরিক ই-মেইল এবং মোবাইল নম্বরও দিতে হবে। তারকা (*) চিহ্নিত ঘরগুলো বাধ্যতামূলকভাবে পূরণ করতে হবে।

ফরমে প্রতিষ্ঠানের আর্থিক অনুদানের আবেদনের কারণ হিসেবে আসবাবপত্র এবং মেরামত ও সংস্কার—দুটি বিষয় উল্লেখ করা হয়েছে।

অনুদানের অর্থ গ্রহণের জন্য প্রতিষ্ঠানের নিজস্ব ব্যাংক হিসাব নম্বর দিতে হবে। একই সঙ্গে ব্যাংকের নাম, শাখার নাম এবং রাউটিং নম্বর উল্লেখ করতে হবে।

আবেদনের সঙ্গে কয়েকটি গুরুত্বপূর্ণ কাগজপত্র সংযুক্ত করতে হবে। এর মধ্যে রয়েছে— শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যাগনেটিক ইঙ্ক ক্যারেক্টার রেকগনিশন (এমআইসিআর) চেক পাতার কপি, অনুদানের প্রয়োজনীয়তা সম্পর্কে ম্যানেজিং কমিটি-গভর্নিং বডির সভাপতির দেয়া প্রত্যয়নপত্র, ওই প্রত্যয়নপত্র উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার-থানা মাধ্যমিক শিক্ষা অফিসারের প্রতিপাদিত হতে হবে।

ফরমের শেষে আবেদনকারী শিক্ষক-কর্মচারীর স্বাক্ষর ও তারিখ এবং প্রতিষ্ঠান প্রধানের স্বাক্ষর ও সিল দেওয়ার ব্যবস্থা রাখা হয়েছে।

প্রসঙ্গত, চলতি অনুদান ব্যবস্থায় বেসরকারি সাধারণ শিক্ষাপ্রতিষ্ঠানের মেরামত ও সংস্কার, আসবাবপত্র ও শিক্ষা উপকরণ সংগ্রহ, খেলাধুলার সরঞ্জাম এবং পাঠাগার উন্নয়নসহ বিভিন্ন খাতে আবেদন করার সুযোগ রয়েছে।