ঢাকা | সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,৩০ ভাদ্র ১৪৩৩

হাজিরা খাতায় স্বাক্ষর জালিয়াতি: ভারপ্রাপ্ত প্রধানসহ ৩ শিক্ষক শোকজ

ঝালকাঠির নলছিটিতে হাজিরা খাতায় স্বাক্ষর জালিয়াতির অভিযোগে এক প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকাসহ তিন শিক্ষককে শোকজ করা হয়েছে। ঘটনা উপজেলার ৭৫নং পূর্ব কয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের। সম্প্রতি উপজেলা শিক্ষা অফিস তাদের শোকজ করে।

স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযুক্ত শিক্ষকরা নিয়মিত বিদ্যালয়ে আসছেন না, তবু হাজিরা খাতায় উপস্থিতির স্বাক্ষর করছেন।

এ ধরনের অনিয়মের অভিযোগ তদন্ত করে সত্যতা পাওয়ায় উপজেলা শিক্ষা অফিস তাদের কাছে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) ইস্যু করে। নির্ধারিত সময়ের মধ্যে জবাব দিতে না পারলে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে শিক্ষা অফিস।

এছাড়াও বিদ্যালয়টির শিক্ষকদের বিরুদ্ধে নিয়মিত স্কুলে অনুপস্থিত থাকা এবং শিশুদের স্কুল ফিডিংয়ের খাবার নিয়ে দুর্নীতির অভিযোগ রয়েছে। মাঠপর্যায়ের একাধিক অভিযোগের ভিত্তিতে বিষয়টির তদন্ত চলছে।

উপজেলা শিক্ষা অফিসের সংশ্লিষ্ট কর্মকর্তা জানান, প্রাথমিক শিক্ষার মান নিশ্চিতে কোনো অনিয়ম মেনে নেওয়া হবে না। অভিযোগ প্রমাণিত হলে অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।