ঢাকা | রবিবার, ৩০ আগস্ট ২০২৬,১৫ ভাদ্র ১৪৩৩

সাইবার নিরাপত্তা মামলায় মাদ্রাসার অধ্যক্ষ গ্রেপ্তার

বরিশালের বানারীপাড়ার আহমদাবাদ (বেতাল) হোসাইনিয়া আলিম মাদ্রাসার সাময়িক বরখাস্তকৃত অধ্যক্ষ মাওলানা আব্দুল হালিমকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৮।

সাইবার নিরাপত্তা আইনের একটি মামলায় শনিবার (২৯ আগস্ট) বরিশাল নগরীর নথুল্লাবাদ লুৎফর রহমান সড়কের ভাড়া বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বানারীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, র‍‍্যাব অভিযুক্তকে থানায় হস্তান্তরের পর পরই বিকেলে আব্দুল হালিমকে আদালতে সোপর্দ করা হয়েছে।

এর আগে প্রশাসনিক অনিয়ম, ক্ষমতার অপব্যবহার, নিজ হাতে ঘষামাজা সার্টিফিকেট, আর্থিক অনিয়ম ও দায়িত্ব পালনে গুরুতর নানা অভিযোগে গত ১৪ জুলাই আব্দুল হালিমকে মাদ্রাসার অধ্যক্ষ পদ থেকে সাময়িকভাবে বরখাস্ত করে গর্ভনিংবডি। একই সঙ্গে তার বিরুদ্ধে অভিযোগ তদন্তে কমিটি গঠন করা হয়।

সাইবার আইনে দায়েরকৃত মামলার বাদী অ্যাডভোকেট গোলাম মাওলা জুবায়ের জানান, তার বাবা মরহুম আব্দুল জব্বার ফকির সলিয়াবাকপুর ইউনিয়নের আহমদাবাদ (বেতাল) হোসাইনিয়া আলিম মাদ্রাসার সাবেক শিক্ষক। সাময়িক বরখাস্ত অধ্যক্ষ মাওলানা আব্দুল হালিম সম্প্রতি স্থানীয় সাংবাদিক ইলিয়াস শেখকে দেওয়া সাক্ষাৎকারে প্রয়াত বাবাকে নিয়ে অসত্য, আপত্তিকর ও মানহানিকর বক্তব্য দেন। সেই বক্তব্য ভিডিও করে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করেন ইলিয়াস শেখ।

এই ঘটনায় মৃত বাবার প্রতি অসম্মান এবং তার পরিবারের মানহানির অভিযোগ তুলে সাময়িক বরখাস্ত মাদ্রাসা অধ্যক্ষ এবং ভিডিও বক্তব্য প্রচারকারী সাংবাদিক ইলিয়াসকে অভিযুক্ত করে সাইবার ট্রাইব্যুনালে মামলা করেন মরহুম শিক্ষকের ছেলে গোলাম মাওলা জুবায়ের।

ওসি মো. মজিবর রহমান জানান, সাইবার আইনের মামলায় অভিযুক্ত মাওলানা আব্দুল হালিমকে র‍‍্যাব গ্রেপ্তার করে থানায় সোপর্দ করেছে। পরে বিকেলেই তাকে আদালতের মাধ্যমে বরিশাল কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।