জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জকসু) উদ্যোগে “স্বৈরাচারের স্থান ডাস্টবিনে” শীর্ষক একটি প্রতীকী কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩ আগস্ট) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিভিন্ন স্থানে এ কর্মসূচি পালন করা হয়। কর্মসূচির অংশ হিসেবে ক্যাম্পাসের বিভিন্ন ডাস্টবিনে স্বৈরাচারের প্রতীক হিসেবে শেখ হাসিনার ছবি সংবলিত স্টিকার সংযুক্ত করেন জকসুর নেতাকর্মীরা।
জকসু জানায়, কর্মসূচির উদ্দেশ্য ছিল স্বৈরাচার, দমন-পীড়ন, গুম, খুন এবং গণতন্ত্রবিরোধী রাজনীতির প্রতি প্রতীকীভাবে ঘৃণা ও প্রত্যাখ্যানের বার্তা তুলে ধরা। একই সঙ্গে ভবিষ্যতে যেন কোনো স্বৈরাচার মাথাচাড়া দিয়ে উঠতে না পারে, সে বিষয়ে শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা সৃষ্টি করাও এ উদ্যোগের অন্যতম লক্ষ্য।
কর্মসূচির উদ্যোগ নেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের মুক্তিযুদ্ধ ও গণতন্ত্র সম্পাদক মো. নুর নবী।
এ সময় উপস্থিত ছিলেন জকসুর সমাজসেবা সম্পাদক মোস্তাফিজুর রহমান, আইন ও মানবাধিকার সম্পাদক হাবিব মোহাম্মদ ফারুক, নির্বাহী সদস্য ফাতেমা আক্তার, আব্দুল্লাহ আল ফারুক, মেহেদী হাসান এবং বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।
কর্মসূচি শেষে জকসুর নেতৃবৃন্দ বলেন, স্বৈরাচারের বিরুদ্ধে গণতান্ত্রিক চেতনা, ন্যায়বিচার এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম অব্যাহত থাকবে। তারা আশা প্রকাশ করেন, এ ধরনের প্রতীকী কর্মসূচি শিক্ষার্থীদের মধ্যে গণতান্ত্রিক মূল্যবোধ ও স্বৈরাচারবিরোধী অবস্থানকে আরও সুদৃঢ় করবে।





