ঢাকা | শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬,২৪ আশ্বিন ১৪৩৩

মৌলভীবাজারে এনসিপি নেতাদের সঙ্গে ছাত্রদল নেতাদের সাক্ষাৎ

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন মৌলভীবাজার জেলা ছাত্রদলের নেতারা। বুধবার (২৯ জুলাই) বিকেলে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

এ সময় জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আকিদুর রহমান সোহান এবং সাংগঠনিক সম্পাদক ইমামুল ইসলাম রিপন সাক্ষাৎ করেন এনসিপির আহ্বায়ক ও সংসদ সদস্য নাহিদ ইসলাম, এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহর সঙ্গে।

এর আগে গতকাল মঙ্গলবার বিকেলে হবিগঞ্জ টাউন হল প্রাঙ্গণে এনসিপির ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচি ও সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে নাসীরুদ্দীন পাটওয়ারী, সারজিস আলমসহ দলের কেন্দ্রীয় নেতারা অংশ নেন। সমাবেশ শেষে তাদের গাড়িবহর সার্কিট হাউসের উদ্দেশে রওনা হলে শহরের স্টাফ কোয়ার্টার এলাকায় বহর লক্ষ্য করে বিএনপি ও ছাত্রদলের নেতা-কর্মীরা ইটপাটকেল নিক্ষেপ করে বলে অভিযোগ উঠেছে। চালক দ্রুতগতিতে গাড়ি চালিয়ে নাসীরুদ্দীন পাটওয়ারীকে নিরাপদে সার্কিট হাউসে পৌঁছে দেন।

হামলার খবর ছড়িয়ে পড়লে এনসিপি ও ছাত্রদলের নেতা-কর্মীদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া শুরু হয়, যা পরে সংঘর্ষে রূপ নেয়। এতে অন্তত ১৫ জন আহত হন। সংঘর্ষের সময় শহরের প্রধান সড়কে যান চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। ঘটনার প্রতিবাদে রাতেই দেশের বিভিন্ন স্থানে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন এনসিপির নেতা-কর্মীরা।