ঢাকা | সোমবার, ২৩ নভেম্বর ২০২৬,৮ অগ্রহায়ণ ১৪৩৩

১০ হাজার কোটি টাকা ছাড়াল বিদেশে পড়ার ব্যয়

বাংলাদেশ থেকে ইদানীং বিপুলসংখ্যক শিক্ষার্থী পড়াশোনার জন্য বিদেশে পাড়ি জমাচ্ছেন। একসময় কেবল মেধাবী শিক্ষার্থীরাই বিভিন্ন স্কলারশিপ বা বৃত্তি নিয়ে পড়াশোনার উদ্দেশ্যে দেশ ছাড়তেন, যেখানে খরচের পুরো দায়িত্ব থাকত সংশ্লিষ্ট দেশ কিংবা বিশ্ববিদ্যালয়ের ওপর। তবে সেই চিত্র এখন অনেকটাই বদলে গেছে। মেধার পাশাপাশি এখন বহু অভিভাবক নিজেদের সঞ্চিত অর্থ খরচ করে সন্তানদের বিদেশে পাঠাচ্ছেন।

যদিও স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়েই শিক্ষার্থীর সংখ্যা সবচেয়ে বেশি, তবে সাম্প্রতিক সময়ে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের মধ্যেও দেশের বাইরে পড়তে যাওয়ার এই প্রবণতা উল্লেখযোগ্যভাবে বাড়ছে। এর ফলে বিদেশে শিক্ষা খরচ প্রতিনিয়ত বাড়ছে। বিদেশে শিক্ষার পুরো খরচই মেটাতে হচ্ছে বিদেশি বিভিন্ন মুদ্রায়। এখন আগের চেয়ে সহজে বিদেশে শিক্ষা খরচ পাঠানো যাচ্ছে।

বাংলাদেশ ব্যাংকের সাম্প্রতিক তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, গত পাঁচ বছরে বিদেশে শিক্ষা বাবদ বাংলাদেশ থেকে ব্যয় হওয়া অর্থের পরিমাণ দ্বিগুণের বেশি বেড়েছে। বিদায়ী ২০২৫-২৬ অর্থবছরে বিদেশে শিক্ষা খাতে খরচ হয়েছে ৮৮ কোটি ১৭ লাখ ডলার। বাংলাদেশি টাকায় যার পরিমাণ ১০ হাজার ৯৩৩ কোটি টাকা (প্রতি ডলার ১২৪ টাকা হিসাবে)।

আগে শিক্ষার্থীরা পড়াশোনার জন্য ইউরোপ-আমেরিকার বিশ্ববিদ্যালয়গুলোতে বেশি যেতেন। এখন সেই তালিকার সঙ্গে যুক্ত হয়েছে দক্ষিণ কোরিয়া, মালয়েশিয়া ও চীনের বিশ্ববিদ্যালয়গুলো।