বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার বন্যাকবলিত মানুষের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি এবং সাবেক জবি শিক্ষার্থী কাজী জিয়া উদ্দিন বাসিত।
বৃহস্পতিবার (১৬ জুলাই) উপজেলার বাজালিয়া ও পুরানগড় ইউনিয়নের বিভিন্ন এলাকায় বন্যাদুর্গত পরিবারের মধ্যে শুকনো খাবার, প্রয়োজনীয় ওষুধ এবং অন্যান্য খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
ত্রাণ বিতরণের বিষয়ে জানতে চাইলে বাসিত বলেন, “প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো বিএনপি ও সকল অঙ্গসংগঠনের মানবিক দায়িত্ব। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নির্দেশনায় বন্যাকবলিত মানুষের কাছে জরুরি সহায়তা পৌঁছে দেওয়া হচ্ছে এবং পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এ সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।”

এ সময় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সহ-সম্পাদক সাইফুল ইসলাম সহ জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক মিনহাজুল আলম এবং স্থানীয় অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তারা বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজখবর নেন এবং প্রয়োজনীয় সহায়তা প্রদানের আশ্বাস দেন।
স্থানীয় বাসিন্দারা এ সহায়তা কার্যক্রমের জন্য সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। বন্যার কারণে ক্ষতিগ্রস্ত এলাকায় খাদ্য ও চিকিৎসাসামগ্রীর সংকট দেখা দেওয়ায় এ ধরনের উদ্যোগ দুর্গত মানুষের দুর্ভোগ কিছুটা লাঘব করবে বলে তারা আশা প্রকাশ করেন।






