ঢাকা | বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬,১ শ্রাবণ ১৪৩৩

চার দিনেও সরানো হয়নি জবির বাসের ওপর ভেঙে পড়া গাছ, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন

টানা বৃষ্টির মধ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ক্যাম্পাসে একটি বিশ্ববিদ্যালয় বাসের ওপর ভেঙে পড়া গাছ চার দিন পেরিয়ে গেলেও সেটি এখনো পুরোপুরি অপসারণ করা হয়নি। এতে শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে। তারা প্রশ্ন তুলেছেন, একটি গুরুত্বপূর্ণ স্থানে এমন ঝুকিপূর্ণ পরিস্থিতি এতদিন ধরে কেন বহাল রাখা হয়েছে।

গত ১২ জুলাই সকালে ভারী বৃষ্টি ও দমকা হাওয়ার কারণে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একটি বড় গাছ উপড়ে বিশ্ববিদ্যালয়ের একটি বাসের ওপর পড়ে। এতে বাসটি ব্যাপক ক্ষতিগ্রস্ত হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ঘটনার পর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ঘটনাস্থল পরিদর্শন করে এবং ক্ষয়ক্ষতির প্রাথমিক হিসাব ৩ থেকে ৪ লাখ টাকা হতে পারে বলে জানায়।তবে ঘটনার চার দিন পরও গাছটি সরানো না হওয়ায় শিক্ষার্থীদের অনেকেই প্রশাসনের তৎপরতা নিয়ে প্রশ্ন তুলছেন।

শিক্ষার্থীদের অভিযোগ, আমাদের ক্যাম্পাস অনেক ছোট, হাটার মতো খোলা জায়গাও খুব সীমিত। যে জায়গায় গাছটি পড়ে আছে, সেটি বিশ্ববিদ্যালয়ের অন্যতম ব্যস্ত ও গুরুত্বপূর্ণ স্থান। চার দিন পার হয়ে গেলেও এখনো গাছটি অপসারণ না হওয়া হতাশাজনক।”

শিক্ষার্থীদের দাবি, শুধু এই গাছ অপসারণই নয়, ক্যাম্পাসজুড়ে ঝুকিপূর্ণ ও পুরোনো গাছগুলো চিহ্নিত করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে, যাতে ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়ানো যায়।

জনাব মোঃ শহিদুল্যাহ বলেন,”গত চারদিন দেশের অবস্থা ভালো না থাকায় আমরা সেইভাবে কাজ করতে পারি নাই। আর গাছটি অনেক বড় হওয়ায় অনেক জনই কাজ করতে চায়নি। গতকাল থেকে আবহাওয়া ভালো হলে আমরা কাজ শুরু করি। খুব দ্রুতই কাজ শেষ হবে। “

ঝুকিপূর্ণ গাছ সম্পর্কে প্রক্টর ড. মোহাম্মদ নাসির উদ্দিন বলেন, আমরা ঝুকিপূর্ণ গাছ গুলো চিহ্নিত করার জন্য একটা মিটিং করব খুব শিঘ্রই। ঝুকিপূর্ণ গাছগুলোকে কিভাবে কেটে ছোট করা যায় সেই বিষয়ে আলোচনা করা হবে। যেন গাছ গুলো পড়ে না যায়।

উল্লেখ্য, গত ১২ জুলাই ক্যাম্পাসে ভেঙে পড়া গাছের নিচে আটকে পড়ে বিশ্ববিদ্যালয়ের একটি বাস। ঘটনার পর প্রশাসন ঘটনাস্থল পরিদর্শন করলেও আজ (১৫ জুলাই) পর্যন্ত গাছটি সম্পুর্ন অপসারণ করা হয়নি।