‘আমাদের ক্যাম্পাস আমরাই গড়বো’ স্লোগানকে সামনে রেখে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ছাত্রদল নেতা মোস্তাফিজুর রহমান রুমির নেতৃত্বে শিক্ষার্থীবান্ধব, নিরাপদ ও পরিবেশবান্ধব ক্যাম্পাস হিসেবে গড়ে তোলার লক্ষ্যে সচেতনতামূলক লিফলেট বিতরণ ও শিক্ষার্থী সংযোগ কর্মসূচি পালন করা হয়।
বুধবার (১৫ জুলাই) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রদলের ২য় যুগ্ম আহ্বায়ক মো. মোস্তাফিজুর রহমান রুমির নেতৃত্বে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
কর্মসূচিতে রুমি বলেন, “দীর্ঘ আন্দোলনের মধ্য দিয়ে আমরা ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ পেয়েছি। সেই ধারাবাহিকতায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল শুরু থেকেই একটি শিক্ষার্থীবান্ধব, নিরাপদ ও পরিবেশবান্ধব ক্যাম্পাস গড়ে তুলতে কাজ করে যাচ্ছে।”

তিনি আরও বলেন, “একটি পরিচ্ছন্ন, সবুজ, নিরাপদ ও শিক্ষার্থীবান্ধব ক্যাম্পাস গড়ে তোলা আমাদের সবার দায়িত্ব। সচেতনতা, পারস্পরিক সহযোগিতা এবং দায়িত্বশীল আচরণের মাধ্যমেই একটি আদর্শ শিক্ষার পরিবেশ নিশ্চিত করা সম্ভব। বর্তমান বৃক্ষরোপণের মৌসুম চলছে। আমরা আমাদের জায়গা থেকে শিক্ষার্থীদের সচেতন করার চেষ্টা করেছি।”
শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, “আসুন, আমরা সবাই মিলে একটি পরিবেশবান্ধব সবুজ ক্যাম্পাস গড়ে তুলি। সবুজ ক্যাম্পাস, নিরাপদ ক্যাম্পাস ও শিক্ষার্থীর অধিকার নিশ্চিত করাই হোক আমাদের অঙ্গীকার।”





