ঢাকা | বুধবার, ১৫ জুলাই ২০২৬,৩১ আষাঢ় ১৪৩৩

শিক্ষার্থীদের ফার্মের মুরগি বলায় দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী

শিক্ষার্থীদের ‘ফার্মের মুরগি’ বলায় সৃষ্ট হওয়া তীব্র বিতর্ক ও শিক্ষার্থীদের আন্দোলনের মুখে জাতীয় সংসদে দুঃখ প্রকাশ করেছেন শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

আজ মঙ্গলবার (১৪ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টায় জাতীয় সংসদের বাজেট অধিবেশনে এ দুঃখ প্রকাশ করেন তিনি।

শিক্ষামন্ত্রী বলেন, আমার ব্যক্তিগত মন্তব্য নিয়ে অনেকেই আপত্তি জানিয়েছেন। আমি উদ্দেশ্যপ্রণোদিতভাবে কাউকে কিছু বলিনি। তারপরও কেউ যদি আহত হয়ে থাকেন, আমি দুঃখ প্রকাশ করছি। এ সময় উপস্থিত সংসদ সদস্য টেবিল চাপড়ে মন্ত্রীর এই দুঃখপ্রকাশকে স্বাগত জানান।

মন্ত্রী বলেন, আজকে সংসদ ভবনের দিকে ছাত্ররা পরীক্ষা পেছানোর দাবিতে এসেছে। এ ব্যাপারে আমরা অনেক পর্যালোচনা করে দেখেছি। গতকালকে ফিজিক্স, হিসাব বিজ্ঞান এবং যুক্তিবিদ্যা পরীক্ষার সময় বৃষ্টি ছিল। এ কারণেই অনেকেই ভিজেছে এবং পরীক্ষা সঠিকভাবে দিতে পারেনি বলে কমপ্লেইন এসেছে।

আমরা যদিও সবসময় পর্যবেক্ষণের মধ্যেই ছিলাম। তারপরও এই পরীক্ষা নিয়ে শিক্ষার্থীদের দাবি এসেছে । ইতোমধ্যে বন্যার কারণে আমরা চিটাগাং বোর্ডের প্রত্যেকটি জেলার পরীক্ষা বন্ধ করে দিয়েছি এবং আমাদেরকে পুনরায় পরীক্ষা নিতেই হবে। এই ক্ষেত্রে আমরা ভেবেচিন্তে দেখেছি যে চিটাগাং বোর্ডের পরীক্ষা আরেকটি প্রশ্নপত্র সেটে যখন আমরা নিতে যাব ফিজিক্স, হিসাব বিজ্ঞান এবং যুক্তিবিদ্যা। সেই সময়ে আমরা এই পরীক্ষাটি পুনরায় নেওয়ার ব্যবস্থা করতে পারবো ইনশাআল্লাহ।