বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামার আগে ভিন্ন এক আলোচনায় আর্জেন্টিনা। প্রতিপক্ষকে ঘিরে কৌশল, একাদশ কিংবা ম্যাচ পরিকল্পনার পাশাপাশি এবার আলোচনায় উঠে এসেছে তাদের জার্সি। ঐতিহ্যবাহী আকাশি-সাদা ডোরাকাটা হোম কিটের বদলে গাঢ় নীল অ্যাওয়ে জার্সি পরে খেলতে চেয়ে ফিফার কাছে আনুষ্ঠানিক অনুমতি চেয়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। আর্জেন্টাইন ফুটবল মহলে ধারণা, এর পেছনে কাজ করছে ইতিহাসের সুখস্মৃতি এবং ‘কাবালা’ বা সৌভাগ্যে বিশ্বাসের সংস্কৃতি।
আটলান্টায় আগামী বুধবার বাংলাদেশ সময় রাত ১টায় বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে ইংল্যান্ডের মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। সেই ম্যাচকে সামনে রেখে জার্সি পরিবর্তনের আবেদন করেছে আলবিসেলেস্তেরা। পুরো টুর্নামেন্টজুড়ে মেসিদের সঙ্গে থাকা আর্জেন্টাইন সাংবাদিক গাস্তন এদুল সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) জানিয়েছেন, ইংল্যান্ডের বিপক্ষে গাঢ় নীল অ্যাওয়ে জার্সি পরে খেলতে চায় আর্জেন্টিনা। এ জন্য ফিফার কাছে আনুষ্ঠানিক অনুমতি চাওয়া হয়েছে।
তবে এখনো এ বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত জানায়নি বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা। এদুলের দাবি, মঙ্গলবার ফিফা এ বিষয়ে সিদ্ধান্ত জানাবে। অনুমোদন মিললে সেমিফাইনালে নীল জার্সিতেই মাঠে নামবে লিওনেল মেসির দল।
চলতি বিশ্বকাপে এখন পর্যন্ত মাত্র একবার অ্যাওয়ে জার্সিতে মাঠে নেমেছে আর্জেন্টিনা। গ্রুপ পর্বের শেষ ম্যাচে জর্ডানের বিপক্ষে গাঢ় নীল জার্সি পরে ৩-১ গোলের জয় পেয়েছিল তারা। এরপর নকআউট পর্বের সব ম্যাচেই ঐতিহ্যবাহী হোম জার্সি পরেই খেলেছে আলবিসেলেস্তেরা।
জার্সি বদলের পেছনে আনুষ্ঠানিক কোনো কারণ জানায়নি আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন। তবে দেশটির ফুটবল সংস্কৃতিতে দীর্ঘদিন ধরেই ‘কাবালা’ বা সৌভাগ্যের প্রতীক হিসেবে নির্দিষ্ট কিছু অভ্যাস অনুসরণের রীতি রয়েছে। গুরুত্বপূর্ণ ম্যাচে জয় এনে দেওয়া জার্সি, নির্দিষ্ট রুটিন কিংবা বিশেষ প্রস্তুতিকে অনেক সময় শুভ লক্ষণ হিসেবে দেখা হয়। সেই বিশ্বাস থেকেই ইংল্যান্ডের বিপক্ষে আবারও নীল জার্সিতে মাঠে নামার আগ্রহ দেখিয়েছে দলটি।
ইতিহাসও অবশ্য এই বিশ্বাসকে কিছুটা উসকে দেয়। বিশ্বকাপে আর্জেন্টিনা ও ইংল্যান্ড এখন পর্যন্ত পাঁচবার মুখোমুখি হয়েছে। এর মধ্যে তিনটি ম্যাচ ছিল নকআউট পর্বে। সামগ্রিক হিসাবে ইংল্যান্ডের জয় তিনটি, আর্জেন্টিনার দুটি।
তবে আর্জেন্টিনার দুই জয়ই ফুটবল ইতিহাসের স্মরণীয় অধ্যায়। ১৯৮৬ সালের মেক্সিকো বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ডিয়েগো ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ ও ‘গোল অব দ্য সেঞ্চুরি’র ম্যাচে জয় পেয়েছিল আর্জেন্টিনা। এরপর ১৯৯৮ বিশ্বকাপের শেষ ষোলোতে টাইব্রেকারে ইংল্যান্ডকে বিদায় করেছিল তারা।
আরও একটি কাকতালীয় বিষয় আর্জেন্টিনার সমর্থকদের আশাবাদী করে তুলেছে। বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে নিজেদের দুটি জয়ই আলবিসেলেস্তেরা পেয়েছে গাঢ় নীল অ্যাওয়ে জার্সি পরে। তাই সেমিফাইনালের আগে সেই জার্সিতে ফেরার আগ্রহকে অনেকেই ইতিহাসের সফল স্মৃতি পুনরাবৃত্তির প্রচেষ্টা হিসেবেই দেখছেন। এখন অপেক্ষা শুধু ফিফার চূড়ান্ত সিদ্ধান্তের। অনুমতি মিললে ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালে ইতিহাস, বিশ্বাস ও সৌভাগ্যের প্রতীক হয়ে আবারও আর্জেন্টিনাকে দেখা যেতে পারে গাঢ় নীল জার্সিতে ।









