ঢাকা | শনিবার, ২৭ জুন ২০২৬,১৩ আষাঢ় ১৪৩৩

ইউজিসিতে কর্মরত জবি অ্যালামনাইদের সংবর্ধনা, কেন্দ্রীয় অ্যালামনাই গঠনে গুরুত্বারোপ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সাবেক শিক্ষার্থীদের সঙ্গে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সম্পর্ক আরও সুদৃঢ় করা এবং বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন ও আন্তর্জাতিক র‌্যাংকিংয়ে অ্যালামনাইদের সম্পৃক্ততা বাড়ানোর লক্ষ্যে ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে (ইউজিসি) কর্মরত জবি অ্যালামনাইদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৭ জুন) বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কনফারেন্স রুমে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ রইছ উদ্‌দীন।

অনুষ্ঠানে সম্প্রতি ইউজিসি অফিসার্স অ্যাসোসিয়েশনের নির্বাচনে সাধারণ সম্পাদক ও যুগ্ম সাধারণ সম্পাদক পদে নির্বাচিত জবি অ্যালামনাইদের বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। একই সঙ্গে ইউজিসিতে কর্মরত অন্যান্য জবি অ্যালামনাইদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

সম্মাননা পাওয়া অ্যালামনাইদের মধ্যে ছিলেন ইউজিসির জনসংযোগ ও প্রকাশনা বিভাগের উপ-পরিচালক গোলাম দস্তগীর, যিনি ইউজিসি অফিসার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন এবং রিসার্চ গ্র্যান্টস অ্যান্ড অ্যাওয়ার্ড ডিভিশনের সিনিয়র সহকারী পরিচালক রবিউল ইসলাম, যিনি যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউজিসির রিসার্চ গ্র্যান্টস অ্যান্ড অ্যাওয়ার্ড ডিভিশনের উপ-পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম, প্রশাসন বিভাগের সহকারী সচিব কাজী মোঃ ইসমাইল হোসেন এবং পাবলিক বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট বিভাগের সহকারী পরিচালক মোঃ মুহিবুল্লাহসহ অন্যান্য জবি অ্যালামনাই।

অনুষ্ঠানের শুরুতে উপাচার্য অধ্যাপক ড. মোঃ রইছ উদ্‌দীন বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্য, প্রেক্ষাপট ও ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা তুলে ধরে বলেন, “দেশে ও বিদেশে কর্মরত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অ্যালামনাইদের সমন্বয়ে একটি শক্তিশালী কেন্দ্রীয় অ্যালামনাই গঠনের কার্যক্রম চলমান রয়েছে। বিশ্ববিদ্যালয়কে আন্তর্জাতিক মানে উন্নীত করা এবং বিশ্ব র‌্যাংকিংয়ে আরও ভালো অবস্থানে নিয়ে যেতে অ্যালামনাইদের সক্রিয় সম্পৃক্ততা অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

তিনি বলেন,” বিশ্ববিদ্যালয়ের অ্যালামনাইরা নিজ নিজ প্রতিষ্ঠানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি তুলে ধরবেন, আর বিশ্ববিদ্যালয়ও তাদের সর্বোচ্চ সম্মান ও সহযোগিতা প্রদান করবে। পারস্পরিক সহযোগিতা, আস্থা ও সম্পর্ক যত সুদৃঢ় হবে, বিশ্ববিদ্যালয় তত দ্রুত কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌছাতে সক্ষম হবে।”

উপাচার্য আরও বলেন, “এ ধরনের অ্যালামনাই মিলনমেলা আজ থেকে একটি ধারাবাহিক কর্মসূচি হিসেবে শুরু হলো। বিচার বিভাগ, প্রশাসন, ব্যাংকিং খাত, সরকারি কর্ম কমিশন (পিএসসি), ইউজিসিসহ দেশের বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত জবি অ্যালামনাইদের সঙ্গে নিয়মিত যোগাযোগ ও সহযোগিতামূলক সম্পর্ক গড়ে তোলা হবে। এই ধরনের সমন্বিত উদ্যোগ বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক উন্নয়নকে ত্বরান্বিত করবে।”

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন, রেজিস্ট্রার অধ্যাপক ড. মোঃ শেখ গিয়াস উদ্দিন, প্রক্টর অধ্যাপক ড. মোহাম্মদ নাসির উদ্দিন, অর্থ ও হিসাব দপ্তরের পরিচালক অধ্যাপক ড. শেখ রফিকুল ইসলাম, আইকিউএসি পরিচালক অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান, পরিবহন প্রশাসক ড. তারেক বিন আতিক, অ্যালামনাই কার্যক্রমের সহযোগী অধ্যাপক ড. মুহাম্মদ ছালেহ উদ্দিন, সহকারী প্রক্টর অধ্যাপক ড. নঈম আকতার সিদ্দিকসহ বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

এছাড়া জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (জকসু) নেতৃবৃন্দ, বিভিন্ন ক্রিয়াশীল ছাত্রসংগঠনের নেতৃবৃন্দ এবং সাংবাদিক সংগঠনের প্রতিনিধিরাও অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

বক্তারা এ ধরনের ব্যতিক্রমধর্মী আয়োজনের জন্য উপাচার্য মহোদয়কে ধন্যবাদ জানান এবং বিভিন্ন প্রতিষ্ঠানে কৃতিত্বপূর্ণ দায়িত্ব পালনকারী জবি অ্যালামনাইদের অভিনন্দন ও শুভেচ্ছা জানান। তারা বলেন, বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে প্রথমবারের মতো অ্যালামনাইদের সম্মাননা ও শুভেচ্ছা জানানো হলো, যা ভবিষ্যতে সাবেক শিক্ষার্থীদের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের সম্পর্ক আরও দৃঢ় করবে।

বক্তারা কেন্দ্রীয় অ্যালামনাই গঠনের ওপর বিশেষ গুরুত্বারোপ করে বলেন, এর মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক র্যাং কিং, গবেষণা, শিক্ষা ও বৈশ্বিক যোগাযোগ আরও সম্প্রসারিত হবে। পাশাপাশি তারা উল্লেখ করেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়েই একমাত্র সকল ছাত্রসংগঠন একসঙ্গে ঐক্যবদ্ধভাবে কাজ করছে, যা দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়ের জন্য একটি অনুকরণীয় দৃষ্টান্ত।

তারা আরও বলেন, বর্তমান সরকারের দর্শন “সবার আগে বাংলাদেশ” এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দর্শন “সবার আগে জবি পরিবার”। জবি পরিবারের সার্বিক কল্যাণ নিশ্চিত করা গেলে বিশ্ববিদ্যালয় আরও সমৃদ্ধ ও এগিয়ে যাবে।

অনুষ্ঠানে উপস্থিত ইউজিসিতে কর্মরত জবি অ্যালামনাই কর্মকর্তারা বিশ্ববিদ্যালয় প্রশাসনের এ উদ্যোগকে সময়োপযোগী ও প্রশংসনীয় উল্লেখ করে ধন্যবাদ জানান। তারা দেশে ও বিদেশে বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত জবি অ্যালামনাইদের একটি অভিন্ন প্ল্যাটফর্মে যুক্ত করতে দ্রুত কেন্দ্রীয় অ্যালামনাই গঠনের ওপর গুরুত্বারোপ করেন।