ঢাকা | শনিবার, ২৭ জুন ২০২৬,১৩ আষাঢ় ১৪৩৩

মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে ইবির আরবী বিভাগের সংবর্ধনা

মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাঃ তোজাম্মেল হোসেনকে সংবর্ধনা দিয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আরবী ভাষা ও সাহিত্য বিভাগ। শনিবার (২৭ জুন) দুপুরে বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্র নজরুল কলা ভবনের ৩০৩ নম্বর কক্ষে এ সংবর্ধনার আয়োজন করে বিভাগটি।

অনুষ্ঠানে বিভাগের সভাপতি অধ্যাপক ড. মুহাম্মদ আব্দুস সালামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান। বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম ও কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মুহাম্মদ আব্দুল্লাহ।

এসময় ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. এমতাজ হোসেন, আরবী ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুল মালেক, অধ্যাপক ড. আবু সাঈদ মোহাম্মদ আলী, অধ্যাপক ড. ওবায়দুল ইসলাম, অধ্যাপক ড. এ. কে. এম. মফিজুল ইসলাম, অধ্যাপক ড. এ. কে. এম. শামছুল হক ছিদ্দিকী এবং অধ্যাপক ড. কামরুল হাসানসহ বিভাগের অন্য শিক্ষক শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বিভাগের অধ্যাপক ড. রফিকুল ইসলামের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন সংবর্ধনা অনুষ্ঠান বাস্তবায়ন কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মোস্তাক মুহাম্মদ আব্দুল মোক্তাদির মুনাওয়ার আলী।

সংবর্ধনা অনুষ্ঠানে বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা অধ্যাপক ড. মোহাঃ তোজাম্মেল হোসেনকে ফুল ও ক্রেস্ট দিয়ে বরণ করে নেন এবং তাকে নিয়ে স্মৃতিচারণমূলক বক্তব্য দেন। সেই সাথে তার ভবিষ্যৎ জীবনের জন্য সফলতার কামনায় দোয়া মাহফিলের আয়োজন করেন।

অনুষ্ঠানে মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাঃ তোজাম্মেল হোসেন বলেন, আজকের এই আয়োজনের জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করছি। বর্তমানে আমার কাজের পরিধি অনেক বেশি, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করতে হচ্ছে। অল্প দিনেই আমি বেশ কিছু কাজ করতে পেরেছি। সকলের দোয়া এবং সরকারের সদিচ্ছাকে কাজে লাগিয়ে মেহেরপুর বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নেওয়ার জন্য আমি কাজ করতে করে যাব। আমার দীর্ঘদিনের অর্জিত অভিজ্ঞতা আমি পুরোপুরি সেখানে ব্যয় করার চেষ্টা করবো। আমার সফলতাই আবী ভাষা ও সাহিত্য বিভাগের সফলতা, আমার সফলতাই ইবির সফলতা।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান বলেন, মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ পাওয়ায় আমরা অধ্যাপক ড. তোজাম্মেল হোসেনকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। তার এই অর্জন আরবী ভাষা ও সাহিত্য বিভাগের জন্য গর্বের, আমাদের বিশ্ববিদ্যালয়ের জন্য গর্বের বিষয়। তিনি নিঃসন্দেহে একজন যোগ্য, অভিজ্ঞ ও কর্মক্ষম শিক্ষক। যা ইতোমধ্যেই তিনি তাঁর কর্মদক্ষতার পরিচয় দিয়েছেন। আমরা বিশ্বাস করি, তাঁর নেতৃত্বে মেহেরপুর বিশ্ববিদ্যালয় আরও সমৃদ্ধ হবে এবং দ্রুত এগিয়ে যাবে।

তিনি আরো বলেন, মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের সঙ্গে ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণাভিত্তিক সহযোগিতা আরও জোরদার করা হবে। দুই বিশ্ববিদ্যালয়ের মধ্যে একাডেমিক কোলাবোরেশন প্রতিষ্ঠায় ইসলামী বিশ্ববিদ্যালয় প্রশাসন সর্বাত্মক সহযোগিতা করবে।