বাংলাদেশ একদিন ফুটবল বিশ্বকাপে খেলবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন বাংলাদেশে নিযুক্ত আর্জেন্টিনার রাষ্ট্রদূত মার্সেলো কার্লোস সেসা। শুক্রবার (২৬ জুন) বিকেলে মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার শিমুলিয়া ঘাটে পদ্মাপাড়ে স্থানীয়দের সঙ্গে এক প্রীতি ফুটবল ম্যাচে অংশ নিয়ে এ কথা বলেন তিনি।
এদিকে, সাপ্তাহিক ছুটির দিনে তার আগমন ঘিরে উৎসবের আমেজ বিরাজ করেছে পদ্মা পাড়ের আর্জেন্টিনার ভক্ত ও সমর্থকদের মাঝে। এদিন আর্জেন্টিনার রাষ্ট্রদূতের সঙ্গে খেলায় অংশ নিতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেন আর্জেন্টিনার ভক্ত ও সমর্থকরা।
এ সময় আর্জেন্টিনার রাষ্ট্রদূত বলেন, ‘এখানে সবার সঙ্গে একসঙ্গে সময় কাটাতে পেরে সত্যিই আনন্দিত। আমি আশা করি, বাংলাদেশ ফুটবল খেলা চালিয়ে যাবে এবং একদিন বিশ্বকাপ ফুটবলে অংশ নেবে।’
এর আগে ঘাটে উপস্থিত শত শত আর্জেন্টাইন ভক্ত ও সমর্থকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন রাষ্ট্রদূত। পরে শুভেচ্ছা বিনিময় শেষে তিনি প্রীতি ফুটবল ম্যাচে অংশ নেয়। তার সঙ্গে খেলায় অংশ নেন মুন্সিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান রতনসহ লৌহজং উপজেলা বিএনপির নেতাকর্মীরা। এ সময় রাষ্ট্রদূতের সফর ও প্রীতি ফুটবল ম্যাচে পদ্মাপাড়ে আনন্দঘন পরিবেশ তৈরি হয়।
অনুষ্ঠানে যোগ দেয়ার আগে আর্জেন্টিনার রাষ্ট্রদূত শিমুলিয়া ঘাটে ফুটবল বিশ্বকাপ ঘিরে বাংলাদেশের মানুষের উন্মাদনা তার নিজ দেশে উপস্থাপন করতে তথ্যচিত্র নির্মাণের অগ্রগতি ও শুটিংয়ের কার্যক্রম পর্যবেক্ষণ করেন।








