ঢাকা | বুধবার, ২৪ জুন ২০২৬,১০ আষাঢ় ১৪৩৩

গোপালগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগ ছাড়তে ‘অস্বীকৃতি’, ছেলের সঙ্গে সম্পর্ক ত্যাগের ঘোষণা বাবার

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ছেলের বিরুদ্ধে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত থাকার অভিযোগ এনে তার সঙ্গে সম্পর্ক ত্যাগের ঘোষণা দিয়েছেন এক ব্যক্তি। সোমবার (২২ জুন) রাতে গওহরডাঙ্গা চৌরঙ্গী এলাকার একটি ফার্নিচারের দোকানে সংবাদ সম্মেলন করে এ ঘোষণা দেন ৬৫ বছর বয়সী আব্দুল ওহাব শেখ।

আব্দুল ওহাব শেখ (৬৫) উপজেলার পাটগাতী ইউনিয়নের গওহরডাঙ্গা গ্রামের বাসিন্দা। ছেলে সজীব শেখের ছাত্রলীগে কোন পদ-পদবী না থাকলেও টুঙ্গিপাড়া উপজেলা ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত রয়েছে বলে জানিয়েছেন তিনি। সংবাদ সম্মেলনে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

আব্দুল ওহাব শেখ লিখিত বক্তব্যে বলেন, আমি দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতি করি। আমার বড় ছেলে টুঙ্গিপাড়া পৌর স্বেচ্ছাসেবক দলের ৯ নং ওয়ার্ডের সভাপতি। কিন্তু আমার ছোট ছেলে সজীব শেখ সঙ্গদোষে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের রাজনীতির সাথে যুক্ত রয়েছে। কিন্তু তার কোন পদ পদবী নেই।

সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, ২০২৪ সালের ৫ আগস্টের পর জানতে পারি সে ছাত্রলীগের সঙ্গে যুক্ত। অনেক বোঝানোর চেষ্টা করা হলেও সে কিছুতেই বুঝতে চায় না। তাই আমরা সপরিবারে ছেলে সজীব শেখকে ত্যাগ করলাম। এখন থেকে সজীবের কোন কার্যক্রমে আমাদের কোন দায়ভার থাকবে না, তার দায়িত্ব সম্পূর্ণ নিজের।

ওই সংবাদ সম্মেলনের পর একটি ভিডিও বার্তায় সজীব শেখ বলেন, ‘এ কারণে গত দেড় বছর ধরে আমি পরিবার থেকে আলাদা আছি। সংসার, সন্তান ও পরিবারের অন্য সদস্যদের থেকেও দূরে রয়েছি। বাবা আমাকে ত্যাজ্য করেছেন। এ বিষয়ে আমার আর কিছু বলার নেই।’