রাঙামাটির নানিয়াচর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষিকার মৃত্যু হয়েছে। শনিবার (২০ জুন) সকালে নানিয়াচর উপজেলার ঘিলাছড়ি ইউনিয়নের সমাজকল্যাণ এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত শিক্ষিকার নাম শতাব্দী চাকমা (৫০)। তিনি রাঙামাটির সখীনীলগঞ্জ এলাকার বাসিন্দা। তিনি নানিয়াাচর উপজেলার রামহরি পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকালে নিজ বাসা থেকে কর্মস্থলে যাওয়ার উদ্দেশ্যে বের হন শতাব্দী চাকমা। পথে নানিয়াচর উপজেলার ঘিলাছড়ি ইউনিয়নের সমাজকল্যাণ এলাকায় সিএনজিচালিত অটোরিকশার জন্য অপেক্ষা করার সময় রাস্তার পাশের একটি জাম গাছ থেকে জাম পাড়ার চেষ্টা করেন। এ সময় কাঁচা বাঁশ ব্যবহার করে জাম পাড়তে গিয়ে অসাবধানতাবশত বাঁশটি বিদ্যুতের তারের সঙ্গে স্পর্শ করলে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রাঙামাটি জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
রাঙামাটি জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক মো. শওকত আকবর খান জানান, সকালে হাসপাতালের জরুরি বিভাগে বিদ্যুৎস্পৃষ্ট এক শিক্ষিকাকে নিয়ে আসা হয়। হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়।
রাঙামাটি জেলা প্রথামিক শিক্ষা অফিসার মো. কফিল উদ্দিন বলেন, বাসা থেকে বিদ্যালয়ে যাওয়ার পথে এক শিক্ষিকার মৃত্যু হয়েছে শুনেছি। এ ঘটনায় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন।







