ঢাকা | বুধবার, ১৭ জুন ২০২৬,৩ আষাঢ় ১৪৩৩

৩৩ হাজার প্রধান শিক্ষকের পদ খালি রয়েছে: শিক্ষামন্ত্রী

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৩৩ হাজার প্রধান শিক্ষকের পদ খালি হয়েছে।

আজ বুধবার (১৭ জুন) জাতীয় সংসদে নোয়াখালী- ২ আসনের এমপি জয়নুল আবদীন ফারুকের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

ড. মিলন বলেন, প্রাথমিক বিদ্যালয়ের স্কুলের প্রধান শিক্ষক নিয়োগের মামলা জটিলতার কারণে সমস্যা সমাধান হচ্ছে না। সাড়ে ২৬ হাজার নয় এরপর আরো ২ হাজার ৬০০, ১৭ হাজার—এই শিক্ষক নিয়োগের বিভিন্ন মামলা জটিলতার কারণে নিরসন করতে পারছি না। এই মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছি ৪ হয়েছে। দায়িত্ব পাওয়ার প্রথম সপ্তাহ থেকে আদালত পাড়ায় এই মামলার জটিলতা নিরসনের জন্য চেষ্টা করছি। কিন্তু জানি না এখন পর্যন্ত আদালতের অ্যাপিলেট ডিভিশন থেকে কোনো কসলিস্টে এগুলো আসছে না। সারাদেশে এই শিক্ষকের অভাবের কথা সবাই বলেছেন।

মন্ত্রী বলেন, এটি একটি নয়, এনটিআরসিএ‘র প্রতিষ্ঠান প্রধান নিয়োগ, কলেজের অধ্যক্ষ নিয়োগ সেটিও মামলা জটিলতায় ঝুলে আছে। সেখানেই শেষ নয় প্রতিটি প্রাথমিক স্কুলে দপ্তরি কাম নাইট-গার্ড সেগুলো মামলার কারণে ঝুলে আছে। আমাদের মামলার যদি পরিসংখ্যান দেখি, দেখা যাবে হাজার-হাজার মামলা রয়েছে।